ফের বড়সড় সাফল্য ভারতীয় সেনার। আজ সকালে কাশ্মীরের সোপিয়ানে অভিযান চালিয়ে ভারতীয় সেনা খতম করলো জম্মু এবং কাশ্মীরে থাকা একমাত্র আইএস কমান্ডার ইশফাক আহমেদকে।
সেনা সূত্রে খবর যে সোপিয়ানের ইমাম সাহিব এলাকায় জঙ্গি থাকার খবর পেয়েই সেই অঞ্চলে এনকাউন্টার চালায় ভারতীয় সেনা বাহিনী। শুরু হয় জঙ্গি বনাম সেনা গুলির লড়াই। সেই লড়াইয়েই এক জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সেনা আধিকারিকরা। আর এই নিহত জঙ্গিই হলো আইএস কমান্ডার ইশফাক আহমেদ।
গোয়েন্দা সূত্রে ভারতীয় সেনাবাহিনী আগেই খবর পেয়েছিল যে ইশফাক লুকিয়ে রয়েছে জম্মু এবং কাশ্মীরেই। তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তারই ঘনিষ্ঠ আল-কায়েদা কমান্ডার জাকির মুসার। জাকির মুসা কিছু জইশ জঙ্গিদের নিয়ে পাঞ্জাব সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে বলেও খবর ছিল ভারতীয় সেনাবাহিনীর নিকট। তারা একত্রিত ভাবে কোনো নাশকতার ছক কষছিল বলেই অনুমান ভারতীয় গোয়েন্দাদের। এখন সেই জাকির ঘনিষ্ঠ ইশফাকে খতম করায় জাকিরের নিকটও পৌঁছানো সহজ হবে বলে মনে করছেন ভারতীয় সেনাবাহিনী৷
মৃত জঙ্গির নিকট হতে প্রচুর অস্ত্র মিলেছে বলে জানানো হয়েছে ভারতীয় সেনার তরফে। বলা বাহুল্য,এটি ভারতীয় সেনার অপর একটি বড়ো সাফল্য। এর পূর্বেও সোপিয়ানে অভিযান চালিয়ে আরও তিন জঙ্গিকে নিকেশ করেছিল ভারতীয় সেনাবাহিনী।