চলছে ২০১৯ এর লোকসভা নির্বাচনের গণনা। আর গণনা শুরু হতেই সকাল থেকে এই পর্যন্ত যা ইঙ্গিত তাতে বিপুল ভোটে জয়ী হয়ে ফের কেন্দ্রে আসতে চলেছে মোদী সরকার-ই। মূলত এই আভাস পাওয়ার পরই চাঙ্গা হয়ে ওঠে শেয়ার বাজার।
আজ বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই রেকর্ড গড়ে ৪০ হাজারের ঘর ছুঁল সেনসেক্স। সঙ্গে বেড়েছে নিফটিও, ইতিমধ্যেই তা পেরিয়েছে ১২ হাজারের গন্ডি। এই রেকর্ড উচ্চতায় আগে কখনই পৌঁছায়নি সেনসেক্স।
এর পূর্বে রবিবারের বুথ ফেরত সমীক্ষা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই শেয়ার সূচক বৃদ্ধি পেয়েছিল৷ এরপর মঙ্গলবার তা একটু কমলেও ফের বাড়তে শুরু করে বুধবার থেকে। আর আজ গণনা শুরুর পরই মোদী ঝড়ের আভাস পেয়ে সেই শেয়ার সূচকই বেড়ে যায় রেকর্ড পরিমাণে, যা এখনও অবধি সর্বোচ্চ।





