আজ সকাল থেকে শুরু হয়েছে ২০১৯ এর লোকসভা নির্বাচনের ভোট গণনার কাজ। আর গণনার শুরু থেকেই ইঙ্গিত মিলেছে দেশ জুড়ে গেরুয়া ঝড়ের। এখন অবধিও গণনার যা ইঙ্গিত তাতে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়েই ফের কেন্দ্রে আসতে চলেছে বিজেপি। শেষ ৩৫ বছরে সম্ভাব্য পর পর দুবার একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজেপি দল কেন্দ্রের ক্ষমতায় এসে গড়তে চলেছে এক নয়া রেকর্ড। এর মাঝেই টুইট করে নিজের প্রথম প্রতিক্রিয়া জানালেন নরেন্দ্র মোদী।
ভোটের সময় কেদারনাথ, বদ্রীনাথে গিয়ে তীর্থ করেছিলেন মোদী৷ গুহাতে মগ্ন ছিলেন তপস্যাতেও। তাঁর সেই তপস্যাই যেন ফের এই বিপুল সংখ্যক ভোটে জয়ী করলো নরেন্দ্র মোদীকে। তাই আজ গণণা শুরুর পর এই কিছুক্ষণ আগেই এই সম্ভাব্য জয় নিয়ে একটি টুইট করেন নরেন্দ্র মোদী।
টুইটে তিনি বলেন যে,
“একসঙ্গে আমরা বৃদ্ধি পাবো। একসঙ্গে আমরা সমৃদ্ধ হবো। একসঙ্গে আমরা একটি শক্তিশালী এবং সমন্বিত ভারত নির্মাণ করবো। ভারত আবারও জিতেছে!”
স্বাভাবিকভাবেই ভাবেই মোদীর এই টুইটে রয়েছে আনন্দের উচ্ছ্বাস। জয় যে প্রায় নিশ্চিত তা বুঝেই দেশের জনগণের উদ্দেশ্য এই বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী৷ এখন শুধুই অপেক্ষা ভোট গণনা শেষে ফল ঘোষণার।