ভোটের ফল প্রকাশের দিন অর্থাৎ ২৩ মে জম্মু এবং কাশ্মীরের দুটি বায়ুসেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলার ছক কষছিলো জঙ্গিরা। সোপিয়ানে সেনার গুলিতে নিহত এক জঙ্গির নিকট থেকে মিলল এই ভয়ঙ্কর গুরুত্বপূর্ন তথ্য৷
গত বৃহস্পতিবার জম্মু এবং কাশ্মীরের সোপিয়ানে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলে জওয়ানদের। সেই লড়াইয়েই জওয়ানদের গুলিতে মারা যায় কিছু জঙ্গি, তাদেরই মধ্যে এক জঙ্গির নিকট হতে মিলেছে এক নকশা, যা থেকে এই আত্মঘাতী হামলা সম্বন্ধে জানতে পারেন সেনা জওয়ানরা৷
মৃত জঙ্গির নিকট থেকে পাওয়া স্কেচে দেখা গিয়েছে যে জঙ্গিরা আত্মঘাতী হামলার জন্য টার্গেট করেছিল জম্মু এবং কাশ্মীরের শ্রীনগর এবং অবন্তিপুরা এয়ারবেস। শুধু এই দুই বায়ু সেনা বেস ছাড়াও জঙ্গিদের টার্গেট জাতীয় সড়ক ছিল বলেও জানা গিয়েছে।
এছাড়াও সেই মৃত জঙ্গির থেকে প্রাপ্ত তথ্যতে এও জানা গিয়েছে যে গত ১৪ ই মে জঙ্গি কমান্ডারদের একটি মিটিংও হয়েছে পুলওয়ামাতে৷ সেই মিটিং এ হাজির ছিল লস্কর – ই – তইবা, জইশ – ই – মহম্মদ এবং হিজবুল মুজাহিদীনের জঙ্গিরা। চারজন জঙ্গির এক দল এই আত্মঘাতী হামলা করার জন্য তৈরী হচ্ছিল বলেও জানানো হয়েছে সেনাবাহিনী সূত্রে।






