নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিজেপি শাসিত রাজ্য অসম, ত্রিপুরার পর এবার অগ্নিগর্ভ হয়ে উঠল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ। অগ্নিসংযোগ করা হয় বাস, গাড়ি, সংবাদমাধ্যমের ওবি ভ্যান ও পুলিশ পোস্ট-এ। সাথে চলে ভাঙচুর। এরপরেই বিক্ষোভকারীদের সরাতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং বিক্ষোভকারী সহ সংবাদমাধ্যমের কর্মীদের ওপর লাঠিচার্জও করা হয় পুলিশের তরফে। জারি করা হয় কারফিউ। কিন্তু তবুও বিক্ষোভকারীদের দমানো যায়নি। কারফিউ উপেক্ষা করেই পথে নামে হাজার-হাজার মানুষ। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় পাথরও।
উত্তরপ্রদেশের সম্ভল শহরে আজ দুপুরে সমাজবাদী পার্টি একটি সিএএ-বিরোধী মিছিলের আয়োজন করে। অন্যদিকে, লখনউ-এর কাটরায় জমায়েতে বসেন বহু মানুষ। পুলিশ এই বিক্ষোভকারীদের হটাতে গেলেই পরিস্থিতি হয়ে ওঠে অগ্নিগর্ভ। বিক্ষোভকারীরা তখনই রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকটি মোটরবাইক ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়। জ্বালিয়ে দেওয়া হয় সরকারি বাস ও সংবাদমাধ্যমের গাড়ি। এমনকি একটি পুলিশ পোস্টেও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ভাঙচুর চালানো হয় সরকারি সম্পত্তি।
এরপরেই পরিস্থিতি সামাল দিতে পুলিশ বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিচার্জও করে। পুলিশের লাঠির আঘাতে বিক্ষোভকারীদের সঙ্গে জখম হন সংবাদমাধ্যমের কয়েকজন কর্মীও। এরপর বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। একইভাবে উত্তাল হয়ে ওঠে লখনউ-এর কাটরা এলাকা। পুলিশ জমায়েতে আসা বিক্ষোভকারীদের হটাতে গেলে তারা পুলিশের ওপর পাল্টা আক্রমণ চালায়। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর। পরিস্থিতি উত্তাল দেখে সম্ভল ও লখনউ-এ কারফিউ জারি করা হয়। ওই এলাকার ইন্টারনেট পরিষেবাও আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।






