ফের অজ্ঞাত পরিচয় জঙ্গিদের হামলা পুলওয়ামায় (pulwama)! আচমকা ওই হামলায় শহিদ হলেন দুই সিআরপিএফ জওয়ান (CRPF)। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও তিন জওয়ান।
আজ অর্থাৎ সোমবার অজ্ঞাত পরিচয়ের জঙ্গিরা প্রকাশ্যে গুলি চালাতে শুরু করে সিআরপিএফের ১১০ নম্বর ব্যাটেলিয়নের ওপর। সূত্রের খবর, পুলওয়ামা জেলার পাম্পোরে কান্দিজাল সেতুতে টহল দিচ্ছিলেন সিআরপিএফ জওয়ানরা। তখনই আচমকা হামলা চালায় এই অজ্ঞাতপরিচয় জঙ্গিরা। জঙ্গিরা ওই জায়গাতেই ঘাপটি মেরে ছিল বলে খবর।
সেনাবাহিনী সূত্রে খবর, ওই হামলায় শহিদ হয়েছেন দুই জওয়ান। জখম হয়েছেন ৩ জওয়ান। আহতদের শ্রীনগরের সেনা হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। একইসঙ্গে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। তবে এই হামলার পর জঙ্গিরা আশেপাশেই কোথাও গা ঢাকা দিয়েছে বলে সেনাবাহিনীর দাবি। একইসঙ্গে আশপাশের বাড়িগুলোতেও তল্লাশি চালানো হচ্ছে কারণ সেখানে লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে জঙ্গিদের।





