সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর কেটে গিয়েছে তিন মাসেরও বেশি সময় কিন্তু সেই সময় যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোড়ন উঠেছিল তা হল স্বজনপোষণ তথা নেপোটিজম বিতর্ক। বলিউডে নেপোটিজম নিয়ে গণ্ডগোল নতুন নয়। হামেশাই তারকাদের সন্তান বা আত্মীয়রা জায়গা করে নেন বড় ছবিতে। কিন্তু টলিউডে এই বিষয়টি এতদিন ধরে খুব একটা প্রচারের আলো পায়নি। কিন্তু এবার টলিউডেও লাগলো নেপোটিজম বিতর্কের ঝড়।
বিতর্কের তীর পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তীর দিকে। নিজের প্রোডাকশন হাউজ থেকে দুটি ছবি মুক্তির কথা ঘোষণা করেছেন রাজ, সেইমতো পোস্টার ও সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে তার পরবর্তী দুই ছবিতে নায়িকা নিজের স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
এখানেই অনেকে তুলেছেন প্রশ্ন। রাজ চক্রবর্তীর শেষ সিনেমা পরিণীতাতেও শুভশ্রী ছিলেন নায়িকা। আগামী দুটি ছবি হাবজি গাবজি এবং ধর্মযুদ্ধতেও শুভশ্রীকেই নায়িকা হিসেবে দেখা যাচ্ছে।এরমধ্যে ধর্মযুদ্ধ সিনেমাটি এপ্রিল মাসে মুক্তি হওয়ার কথা থাকলেও করোনার কারণে স্থগিত হয়ে যায়। ফলে সিনেমাটি খুব সম্ভবত পুজোয় মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে। দুটি সিনেমাতে শুভশ্রীর সম্পূর্ণ ভিন্ন চরিত্রে দেখা যাবে।
কিন্তু দর্শকরা বলছেন শুভশ্রী নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী কিন্তু রাজ চক্রবর্তী নিজের পরবর্তী দুটি ছবিতে নায়িকা হিসেবে নিজের স্ত্রীকে কেন বেছে নিলেন? এই জায়গায় তো কোন নতুন মুখ আসতে পারতো।
শুভশ্রী ভক্তদের বক্তব্য, এটি রাজ চক্রবর্তীর নিজস্ব প্রোডাকশন হাউজ এবং রাজ চক্রবর্তীর পরিচালনা। তিনি যাকে পছন্দ হবে তাকে নেবেন। এখানে কিছু বলার থাকতে পারে না। তখন বাকিরা প্রশ্ন তুলছেন, তাহলে বলিউডে নেপোটিজম নিয়ে আমরা কেন চেঁচামেচি করছি? এটাও তো স্বজনপোষণ হচ্ছে। সব মিলিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে টলিউডে যার শেষ কোথায় কেউ জানে না।





