ভারত-চীন সীমান্তের উত্তাপ ঘিরে যখন দুশ্চিন্তার ভাঁজ ক্রমশ গাঢ়ো হচ্ছে তখন অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যু ঘিরে বাড়ছে প্রতিবাদের আগুন। মঙ্গলবার ফোনালাপে দুই দেশের বর্তমান সময়ের এই দুই বিষয়ে আলাপ-আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন যুক্তরাষ্ট্র-এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, মঙ্গলবার প্রায় ২৫ মিনিট ফোনে কথা হয় মোদী-ট্রাম্পের। আলোচনার মূল বিষয় ছিল ভারত-চীন সীমান্ত পরিস্থিতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি। তবে, এর বেশি কিছু তথ্য এখনও জানানো হয়নি সরকারি তরফে। যদিও ভারত-চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শ প্রদানের ঘটনা প্রত্যাশিত। গত সপ্তাহেই মার্কিন প্রধান টুইট করে জানান, “ভারত-চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে আমি অবগত। যদি কোনওরকম মধ্যস্থতার প্রয়োজন হয় তবে আমি তা করতে তৈরি আছি।” সেই নিয়েই এই দিন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কি আদৌ আলোচনা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের? তা অবশ্য সময়ই বলবে।
যদিও সোমবার ট্রাম্প জানান, ভারতের নিয়ন্ত্রণ রেখার দিকে চৈনিক আগ্রাসন নিয়ে তিনি বেশ চিন্তিত। অন্যদিকে মঙ্গলবার জি সেভেন সামিটে মার্কিন যুক্তরাষ্ট্রে আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানান ট্রাম্প। সরকারি বিবৃতিতে বলা হয়, জি সেভেন-এর নির্দিষ্ট কিছু দেশ ছাড়াও এবার ভারত-সহ আরও কিছু গুরুত্বপূর্ণ দেশকে সেই সভায় যুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বর্তমান করোনা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন দুই দেশ প্রধান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুনর্গঠনের প্রয়োজনীয়তার প্রসঙ্গেও আলোচনা করেন ডোনাল্ড ট্রাম্প।





