২৯ নম্বর ব্যাটেলিয়ানের কনস্টেবল বিশ্বজিৎ দত্ত সোমবার নিজের কর্মস্থলেই আত্মঘাতী হলেন। এই বাঙালি সিআরপিএফ জওয়ান সোমবার শৌচাগারে নিজের সার্ভিস রিভলবার দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। তাঁর বাড়ি নদিয়ার কালীগঞ্জ অঞ্চলে।
বাড়িতে রয়েছে তাঁর এক দু বছরের মেয়ে এবং সাত বছরের ছেলে, যারা হয়তো এখনো অপেক্ষা করে বসে আছে তাদের বাবা আবার কবে ফিরবে। মার্চে লকডাউন শুরুর আগেই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বাড়ি এসেছিলেন বিশ্বজিৎ। তারপর আবার ফিরে যান কর্মস্থলে।
সোমবার হঠাৎই গুলির শব্দ শুনে শৌচালয়ে ছুটে যান অন্য সিআরপিএফ কর্মীরা। ঘটনাস্থলে গিয়ে তারা বিশ্বজিৎ এর রক্তাক্ত দেহটি পড়ে থাকতে দেখেন । এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পান্থচক পুলিশ পোস্ট থেকে এই ঘটনার বিবৃতিও দেওয়া হয়। তবে আত্মহত্যার কারণ নিয়ে এখনও কিছু বলা হয়নি।






