কেরলের স্নিগ্ধ উপকূল, যেখানে সারাবছর পর্যটকদের ভিড় লেগেই থাকে, সেখানে হঠাৎ করে ছড়াল আতঙ্ক। স্বচ্ছ নীল সমুদ্রজল আর সাদা বালির সৈকত হঠাৎই যেন অন্ধকারে ঢেকে গেল এক অজানা আশঙ্কায়। স্থানীয় মৎস্যজীবী থেকে শুরু করে পর্যটক—সবার কপালে চিন্তার ভাঁজ। কারণ, যেটা ঘটেছে, তার প্রভাব শুধু জলের তলায় নয়, ছড়িয়ে পড়তে পারে জীবন ও জীবিকায়।
সম্প্রতি উপকূলবাসীদের চোখের সামনে যা ঘটেছে, তা যেন কোনও চলচ্চিত্রের দৃশ্য। সমুদ্রে হঠাৎ ভেসে উঠেছে ভাঙা কন্টেনার, তেলের গন্ধে ভারী হয়েছে বাতাস, আর উপকূলরক্ষীদের ঘন ঘন যাতায়াতে বোঝা যাচ্ছে—কিছু একটা বড়সড় ঘটনা ঘটেছে। সাধারণ মানুষ বুঝতে পারছে না ঠিক কী, তবে তারা জানে—এবারের ঝড়টা জল থেকে উঠলেও রেহাই দেবে না মাটিতেও।
শনিবার থেকে টালমাটাল হয়ে পড়ে এক বিদেশি জাহাজ। লাইবেরিয়া নিবন্ধিত সেই পণ্যবাহী জাহাজটিই রবিবার সকালে সম্পূর্ণ ডুবে যায় কেরল উপকূলে। ওই জাহাজে মোট ৬৪০টি কন্টেনার ছিল, যার মধ্যে ১৩টিতে ছিল ‘বিপজ্জনক’ রাসায়নিক। জাহাজ থেকে পাঠানো জরুরি বার্তার ভিত্তিতে সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযানে নামে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও পরে নৌসেনা। ২৪ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা গেলেও, জাহাজ থেকে ছড়িয়ে পড়তে পারে মারণ রাসায়নিক ও জ্বালানি তেল—এই আশঙ্কাতেই চূড়ান্ত সতর্কতায় কেরল প্রশাসন।
আইসিজি সূত্রে জানা গিয়েছে, বিপজ্জনক ১৩টি কন্টেনারের মধ্যে ১২টিতে ছিল ক্যালসিয়াম কার্বাইড, যা জলে মিশলে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করে। এই গ্যাস প্রাণীদের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, জাহাজের ট্যাঙ্কারে ছিল ৮৪.৪৪ মেট্রিক টন ডিজেল এবং ৩৬৭.১ মেট্রিক টন ফার্নেস তেল। এই তেল ছড়িয়ে পড়লে দূষিত হতে পারে আলাপুঝা, আম্বালাপুঝা, আরাট্টুপুঝা ও কারুনাগাপল্লির মতো জনপ্রিয় সৈকতগুলি।
আরও পড়ুনঃ New Covid cases in India: আবার বাড়ছে করোনা সংক্রমণ! বাংলায় হানা, চিন্তায় স্বাস্থ্য দফতর!
কেরল সরকার ও উপকূলরক্ষী বাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। সমুদ্রে ভেসে আসা কোনও বস্তু যেন কেউ স্পর্শ না করেন, সে ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তেল ছড়ানো রুখতে ব্যবহৃত হচ্ছে আধুনিক প্রযুক্তি। ওশিয়ান ইনফরমেশন সার্ভিস জানিয়েছে, ক্ষরণ শুরু হলে ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই তা উপকূলীয় পরিবেশে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। এখন শুধু সময়ের অপেক্ষা—এই বিষ ছড়ানো আটকানো যায় কি না, সেটাই দেখার।





