একটা বিয়ে মানে শুধুমাত্র দুটো মানুষের মধ্যে সম্পর্ক গড়ে ওঠা নয়, দুটো পরিবারের মধ্যেও নতুন এক সম্পর্ক তৈরি হওয়া। কনেপক্ষ ও বরপক্ষ দুই পরিবারের মধ্যে মেলবন্ধন। তবে অনেক ক্ষেত্রেই আবার দু’পক্ষের সম্পর্ক তেমন স্বাভাবিক থাকে না। তবে তা বলে রসগোল্লাকে কেন্দ্র করে এক বিয়েবাড়িতে যে ঘটনা ঘটল, তা অভাবনীয়।
রসগোল্লাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল যোগী রাজ্যের এক বিয়েবাড়ি। শেষ পর্যন্ত রক্তারক্তি হয় বিয়েবাড়িতে। কনেপক্ষের সঙ্গে বরপক্ষের সংঘর্ষের জেরে মৃত্যু হল এক তরুণের। এই ঘটনায় আহত ৫। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার না করলেও তদন্ত চলছে।
এই অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইতমাদপুরের এক বিয়েবাড়িতে। কেবল মিষ্টির ঘাটতি নিয়ে অভিযোগেই এত বড় ঘটনা ঘটে গিয়েছে বলে জানিয়েছে এলাকার পুলিশ। ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, বিয়েবাড়িতে মিষ্টি কম পড়ে যায়। আর তা নিয়েই শুরু হয় বাদানুবাদ। ক্রমেই শুরু হয়ে যায় কথা কাটাকাটি।
এই কথা কাটাকাটির মধ্যেই বরপক্ষের একজন ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ে কনেপক্ষের এক তরুণের উপর। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ওই তরুণের নাম সানি। বয়স ২২। প্রথমে এলাকার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ওই তরুণকে। তারপর সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় আগ্রার সরোজিনী নাইডু মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ওই তরুণের।
এই ঘটনায় ৫ জন আহত হয়েছেন বলে খবর। তারা সকলেই স্বাস্থ্যকেন্দ্রেই চিকিৎসাধীন। এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, সামান্য বিষয় নিয়ে কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। শুধুই কী মিষ্টির ঘাটতি নাকি অন্য কোনও কারণ রয়েছে, তাও তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।






