দেশে একমাসে হতে চলেছে ৩২ লক্ষ বিয়ে, কোটি টাকা খরচেও রাজি দম্পতিরা, ব্যবসায়ী মহলে খুশির হাওয়া

উৎসবের মরশুম শেষ হয়েছে বটে, তবে এখনই কেনাকাটা শেষ হচ্ছে না। কারণ সামনেই তো বিয়ের মরশুম। জানা যাচ্ছে, ১৪ই নভেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত এই একমাসে প্রায় ৩২ লক্ষ বিয়ে আয়োজিত হতে চলেছে। ব্যবসায়ী সংগঠন ‘কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স’ বা ‘সিএআইটি’ সাম্প্রতিক এক সমীক্ষায় এমনটাই জানিয়েছে।

সমীক্ষায় দেখা গিয়েছে, এই এক মাসে শুধু কেনাকাটা নয়, বিবাহসংক্রান্ত নানান পরিষেবার চাহিদাও বাড়বে। খাওয়াদাওয়া থেকে শুরু করে অনুষ্ঠানগৃহ, ফুল কিংবা ছবি তোলা, নানান ধরনের কাজে ৩ লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকার লেনদেন হতে পারে বলে জানাচ্ছে ‘সিঅআইটি’।

সমীক্ষা বলছে, প্রায় ৫ লক্ষ বিয়ের ক্ষেত্রে খরচ ধরা হয়েছে গড়ে ৩ লক্ষ টাকা। দশ লক্ষ বিয়ের ক্ষেত্রে এই খরচ ৫ লক্ষ টাকার কাছাকাছি। প্রায় ৫ লক্ষ বিয়ে আয়োজনে খরচ ছোঁয়ার সম্ভাবনা পঁচিশ লক্ষ টাকা। পঞ্চাশ লক্ষ টাকা কিংবা তার বেশি খরচ হবে এমন বিয়ের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার। বিয়েতে ১ কোটি টাকা খরচ করতেও রাজি অনেকে। ১ কোটি টাকার বেশি খরচ করে বিয়ে করছেন এমন মানুষের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার।

ডিসেম্বরে পর ফের বিয়ের মরশুম শুরু হবে আবার আগামী বছরের ১৪ই জানুয়ারি থেকে। তা চলবে মোটামুটি জুলাই পর্যন্ত। সমীক্ষা বলছে, বিয়ের মোট খরচের গড়ে প্রায় ২০ শতাংশ খরচ হয় বর-কনের জন্য। আর বাকি অনুষ্ঠান, আয়জনের জন্য। 

বিয়ের আগে বাড়ি সারাই করতে সবচেয়ে বেশি খরচ করা হয়। আর তারপর তো গয়না, পোশাক ও খাওয়াদাওয়ার মতো বিষয়গুলি রয়েছেই। সমীক্ষায় এও জানানো হয়েছে যে আগে সেভাবে প্রচলন না থাকলেও, বর্তমানে ‘ইভেন্ট ম্যানেজমেন্ট’ বা অনুষ্ঠানের ব্যবস্থাপনা সামলানোর সংস্থার প্রচলন বাড়ছে ধীরে ধীরে।

RELATED Articles