করোনা মুক্ত হয়ে বাড়ি ফেরার এক সপ্তাহ হতে না হতেই ফের দিল্লির এইমসে ভরতি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে তাঁর কোভিড পরীক্ষার ফল কিন্তু নেগেটিভ এসেছে। অৰ্থাৎ দ্বিতীয়বার তিনি কোভিড সংক্রামিত হয়ে হাসপাতালে ভর্তি হননি।
স্বাধীনতা দিবসের একদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই বিশ্রামে ছিলেন অমিত শাহ। কিন্তু তারপর তার শরীর কিছুটা খারাপ হলে আজ অর্থাৎ মঙ্গলবার সকালে তাঁকে এইমসে ভর্তি করা হয়। এরপর হাসপাতাল তরফে একটি বিবৃৃতি প্রকাশ করে জানানো হয়, গত তিন-চারদিন ধরে অমিত শাহ একটু ক্লান্তি অনুভব করছিলেন। এমনকি গায়ে ব্যথাও রয়েছে। তবে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট কিন্তু নেগেটিভ এসেছে। তাই করোনা পরবর্তী চিকিৎসার জন্য তাঁকে এইমসে ভরতি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থাও স্থিতিশীল রয়েছে এবং হাসপাতাল থেকেই কাজ করে চলেছেন তিনি।
এর আগে চলতি মাসের ২ তারিখে অমিত শাহ টুইটবার্তায় লিখেছিলেন, ‘আমার করোনার উপসর্গ দেখা দেওয়ায় আমি করোনা টেস্ট করিয়েছিলাম এবং তার রিপোর্টও পজিটিভ এসেছে। তবে আমি এখন ঠিক আছি। কিন্তু চিকিৎসকদের পরামর্শ মেনে আমি হাসপাতালে ভরতি হচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, এই ক’দিন যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা নিজেদের আইসোলেশনে রাখুন এবং দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করান।’





