বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ঘটনায় সোচ্চার হয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা পদ্ম শিবিরের অন্যতম মুখ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর ওই প্রতিবাদের জেরেই নাকি এবার বাংলাদেশের মৌলবাদী শক্তি তাঁকে হত্যার ছক কষেছে বলে খবর। আর সেই খবর পেয়েই নড়েচড়ে বসেছে অমিত শাহের অধীনস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
ইতিমধ্যে নবান্নের একটি সূত্রের খবর, বিরোধী দলনেতার উপর এই হামলার আশঙ্কার কথা ইতিমধ্যে জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। আর তারপর রাজ্যের সঙ্গে আলোচনা করেই শুভেন্দুর নিরাপত্তা ঢেলে সাজানোর কাজ শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
এমনিতেই শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকারের ‘জেড প্লাস’ পর্যায়ের নিরাপত্তা পান। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বদল আনা হয়েছে সেই নিরাপত্তায়। সম্প্রতি এমনই মন্ত্রক সূত্রের খবর। শুভেন্দু ঘনিষ্ঠ সূত্র থেকে যা জানা যাচ্ছে, এই নতুন নিরাপত্তা অনুযায়ী বিরোধী দলনেতার কনভয়ের জন্য নাকি মোতায়েন করা হচ্ছে সশস্ত্র বাহিনীর মোট ২২ জন জওয়ানকে।
আরও পড়ুনঃ “চ্যালেঞ্জের মত ছবি আর অবশ্যই করব না…” এ যেন এক আলাদা শুভশ্রী! সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী
শুভেন্দুর নিরাপত্তায় এবার প্রয়োজনে মহিলা নিরাপত্তারক্ষী ব্যবহার করা নিয়েও শুরু হয়েছে ভাবনাচিন্তা। রাজ্যের যে কোনও সীমান্তবর্তী এলাকায় যখন বিরোধী দলনেতা কর্মসূচিতে যাবেন, তখন তাঁকে দেওয়া হতে পারে বুলেট নিরোধক গাড়ি। এছাড়া, শুভেন্দুর নিরাপত্তার ক্ষেত্রে রাজ্যের কিছু ‘স্পর্শকাতর’ এলাকা চিহ্নিতও করা রয়েছে বলেই খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে সেক্ষেত্রে রাজ্য প্রশাসনের সঙ্গে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেই বিরোধী
দলনেতার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছে অমিতের মন্ত্রক।





