তিহাড় জেল থেকে সরাসরি হাসপাতালে, বেড়েছে শ্বাসকষ্ট, বুকে ব্যাথা, ৭৫ শতাংশ হার্ট ব্লকেজ নিয়ে হাসপাতালে ভর্তি অনুব্রত

দিন কয়েক আগেই তিহাড় জেলে বন্দি মেয়ে সুকন্যার সঙ্গে দেখা হয়েছিল ওই জেলেই বন্দি থাকা অনুব্রত মণ্ডলের। সেদিন মেয়েকে দেখে খুবই ভেঙে পড়েছিলেন তিনি। মেয়ে জেলবন্দি, তা কোনওভাবেও সহ্য করতে পারছিলেন না অনুব্রত। এবার সেই চাপ সহ্য না করতে পেরে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

অনুব্রতর আইনজীবীর আর্জি মেনে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে জেল কর্তৃপক্ষ। গতকাল, মঙ্গলবার জিবি পন্থ হাসপাতালে নিয়ে যাওয়া অনুব্রতকে। তাঁর শরীর আগের চেয়ে আরও খারাপ হয়েছে বলে খবর। সূত্রের খবর, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, হার্টে ৭৫ শতাংশ ব্লকেজ রয়েছে অনুব্রতর। লিভার খারাপ এমনকী দু’বেলা ইনসুলিন নিতে হচ্ছে তাঁকে।

জেল সূত্রে খবর, অনুব্রত ঠিকঠাক খাওয়াদাওয়া করছেন না। সামান্য ডাল-তরকারি দিয়ে এক-দেড়টা রুটি খাচ্ছেন। এর ফলে শরীর ভেঙে যাচ্ছে। হাসপাতালে নানান পরীক্ষা-নিরীক্ষা হয় তাঁর। কিছুদিন আগে জেলে মেয়ের সঙ্গে আধ ঘণ্টা মতো কথা হয়েছিল অনুব্রতর। মেয়ের গ্রেফতার মেনে নিতে পারেন নি তিনি। সেই কারণেই খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছেন। কিন্তু অসুখের জন্য ওষুধ খেতেই হয়। সেই অনুযায়ী খাবার না খাওয়ায় দুর্বল হয়ে পড়েছে শরীর।

জানা গিয়েছে, জামিনের জন্য আবেদন করেছেন সুকন্যা। তিনি জানিয়েছেন যে তাঁর অ্যাকাউন্টের টাকা যে গরু পাচার থেকেই এসেছে, এর কোনও উল্লেখ নেই ইডি-র চার্জশিটে। সেটা উল্লেখ করেই জামিনের আবেদন করেন কেষ্ট-কন্যা। তবে এখনও জামিন পান নি তিনি। জুন মাস পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে সুকন্যা। আগামী ২৬শে মে সুকন্যার জামিনের মামলার শুনানি রয়েছে।

উল্লেখ্য, মেয়ে সুকন্যার সঙ্গে যেদিন অনুব্রতর দেখা হয়েছিল, সেদিন অনুব্রত মেয়েকে বলেছিলেন, “চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে”। কিন্তু শেষমেশ চিন্তা বেড়েই গেল সুকন্যার। কারণ বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সব ঠিক হয়নি এখনও। বরং পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

RELATED Articles