প্রধানমন্ত্রী কি পাকিস্তানের রাষ্ট্রদূত? প্রশ্ন তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

নতুন বছর শুরু হওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই মোদির মুখে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিক্ষোভকারী বিরোধী দলগুলিকে লক্ষ্য করে বলেছেন যে, ‘যদি আন্দোলন করতে হয়, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করুন।’ সেই প্রসঙ্গ টেনে এবার মমতা বন্দ্যোপাধ্যায় আজ শিলিগুড়িতে প্রশ্ন তুললেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারাদিন পাকিস্তানের কথা বলেন, যেন তিনি পাকিস্তানের রাষ্ট্রদূত?’ শিলিগুড়িতে নাগরিকত্ব সংশোধনী আইন, এনপিআর, এনআরসি বিরোধী মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘কেন আপনি বারবার ভারতের সঙ্গে পাকিস্তানের তুলনা টানেন? কেন আপনি হিন্দুস্থানের বিষয়ে কথা বলেন না?’ তিনি আরও বলেছেন, ‘আমরা পাকিস্তানের মতো কোনোদিনই হতে চাই না। আমরা হিন্দুস্থানকে ভালবাসি।’

বিরোধীদের নানা প্রশ্নের জবাবে বারবার নরেন্দ্র মোদি তো বটেই, বিজেপির একাধিক নেতারাও বলেছেন যে, বিরোধীরা পাকিস্তানের ভাষায় কথা বলছে। তাঁরা দেশদ্রোহী। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এদিন বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে রীতিমত আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘কেউ যদি চাকরি চাইতে যায়, প্রধানমন্ত্রী বলেন কোনও চাকরি নেই। তুমি পাকিস্থানে চলে যাও। কেউ যদি বলেন আমাদের এখানে শিল্প চাই, তিনি বলেন পাকিস্তান চলে যাও। কেউ যদি বলে খাওয়া জুটছে না, তাকে বলেন পাকিস্তান চলে যাও। কেউ যদি নাগরিক অধিকার নিয়ে প্রশ্ন তোলেন, তাকেও পাকিস্তানে পাঠিয়ে দেন।’ এইপ্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রতি মমতার জবাব, ‘পাকিস্তানের চর্চা পাকিস্তান করবে, আমরা হিন্দুস্তানের চর্চা করব। এটা আমাদের জন্মভূমি।’ একইসঙ্গে সরাসরি বিজেপি সরকারের দিকে প্রশ্ন তুলে মমতা বলেন, ‘ভারত সংস্কৃতি ও ঐতিহ্যের দিক থেকে সমৃদ্ধশালী একটি দেশ। কেন আমাদের সঙ্গে প্রত্যেকদিন পাকিস্তানের তুলনা করা হবে?’

শিলিগুড়ির প্রধান নগর থেকে শুরু হওয়া আজকের মহামিছিলের নেতৃত্ব দিতে গিয়ে মমতা আরও বলেন যে, ‘স্বাধীনতার ৭০ বছর পরে আমাদের আবার নতুন করে নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে। এর থেকে বড় লজ্জার কিছু নেই।’

শিলিগুড়ির মত দার্জিলিয়েও সিএএ, এনপিআর, এনআরসি বিরোধী মহামিছিলের ডাক দিয়েছেন মমতা। তিনি জানান, আগামী ২২ জানুয়ারি দার্জিলিংয়ে মহামিছিল করা হবে। সেই মিছিলে পাহাড়-সমতলের সমস্ত স্তরের মানুষকে পা মেলানোর আবেদন জানিয়েছেন। এছাড়াও শিলিগুড়ির সভা থেকে তিনি বলেন যে, ৯ জানুয়ারি বারাসাত-মধ্যমগ্রাম চত্বরেও একটি প্রতিবাদ মিছিল করা হবে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment