‘রামলালা আমাকে ডাকছে’, মূর্তি বানানোর দিনগুলোতে বারবার ঘুম ভেঙে উঠে পড়তেন শিল্পী অরুণ যোগীরাজ

গত ২২ জানুয়ারি ভারতীয় ইতিহাসে এক স্মরণীয় দিন হয়ে থাকবে। এইদিনই যে ৫০০ বছরের বনবাস কাটিয়ে নিজের জন্মভূমিতে ফিরেছেন রামচন্দ্র। এদিন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যার রামমন্দিরের রামলালার মূর্তিতে। সেই মূর্তি দর্শনের জন্য প্রতিদিন রামমন্দিরে উপচে পড়ছে ভক্তদের ঢল। ভিড় সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে পুলিশকে।  

কে তৈরি করেছেন রামলালার মূর্তি?

৫১ ইঞ্চির রামলালার এই মূর্তি তৈরি করেছেন কর্ণাটকের শিল্পী অরুণ যোগীরাজ। বিগত ৭-৮ মাস ধরে এই মূর্তি তৈরি করেছেন তিনি। এই মূর্তি তৈরি করা খুব একটা সহজ কাজ ছিল না তাঁর কাছে। অনেক গবেষণার পর, পড়াশোনা করে তবে এই মূর্তি তৈরি করেছেন অরুণ যোগীরাজ। হাজার হাজার ভক্ত দর্শন করবেন এই মূর্তি, সেই কারণে তা বানানোও বেশ চ্যালেঞ্জিং ছিল তাঁর কাছে। মূর্তি তৈরি সময়টা ৭-৮ মাস তাঁর সঙ্গেই ছিলেন তাঁর অন্যতম সহযোগী সুমধুর শাস্ত্রী। তিনি এবার জানালেন কীভাবে মূর্তি বানানোর সেই দিনগুলো কাটিয়েছেন যোগীরাজ।

কৃষ্ণ শিলা থেকে পাথর কেটে মূর্তি তৈরি করা পর্যন্ত, এই গোটা সময়টা যোগীরাজের সঙ্গেই ছিলেন সুমধুর শাস্ত্রী। তাঁর সহযোগী ছিলেন তিনি। শাস্ত্রী জানাচ্ছেন, তালিকায় বেশ কয়েকজন শিল্পীর নাম ছিল, তবে শেষ পর্যন্ত বেছে নেওয়া হয় যোগীরাজকেই।

শাস্ত্রী জানান, শ্রী রামমন্দির ট্রাস্টের তরফে যোগীরাজকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় কেমন দেখতে হবে মূর্তিটি। জানানো হয়, মূর্তির মুখ শিশুসুলভ হতে হবে। ৫ বছরের শিশুর মুখে, মুখের অভিব্যক্তি যেমন হয়, তা যেন ফুটে ওঠে রামলালার মূর্তির মধ্যে। সেই অনুযায়ীই কাজ শুরু করেন যোগীরাজ।

মাঝরাতে উঠে পড়তেন যোগীরাজ   

শাস্ত্রী এও জানান, গত ৭-৮ মাস ধরে অর্থাৎ মূর্তি বানানোর সময়কালে মাঝেমধ্যেই মাঝরাতে ঘুম থেকে উঠে পড়তেন যোগীরাজ। তাঁকে জাগিয়ে তুলতেন তিনি। শাস্ত্রী জানাচ্ছেন, যোগীরাজ বলতেন যেন রামলালা তাঁকে ডাকছে। এমন ঘটনা একবার নয়, বেশ কয়েকবার হয়েছে বলে জানান শাস্ত্রী।

তিনি এও জানান, তাঁর ও যোগীরাজের মধ্যে ভাষাগত সমস্যা ছিল। তবে পরের দিকে ভাঙা ভাঙা হিন্দি ও ইংরেজি দিয়েই কাজ চালাতেন তারা। রামলালার মূর্তি গড়তে একের পর এক মন্দির দর্শন করেছেন তারা। কথা বলেছেন বিশেষজ্ঞদের সঙ্গে। পাঁচ বছরের রামলালার মুখ কেমন হতে পারে, তা নিয়ে অনেক গবেষণা করেছেন যোগীরাজ। অবশেষে তাঁর মূর্তিই স্থান পেয়েছে অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহে।  

RELATED Articles