স্তুতির চোট! মোদী ভগবান, আল্লার অবতার, তিনি যুগপুরুষ! লোকসভায় মোদীর উচ্ছ্বসিত প্রশংসা বিজেপি সাংসদদের

বিশ্বজোড়া জনপ্রিয়তা আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেশেও তাঁর ভক্ত সংখ্যা কম নয়। তবে এখন‌‌ও পর্যন্ত তাঁকে কেউ ভগবানের রূপ বলে সম্মান দেয়নি। তবে এই বিরল সম্মান এবার তিনি পেলেন লোকসভায় বিজেপি সাংসদের কাছ থেকে।|

প্রধানমন্ত্রীর স্তুতি করতে গিয়ে টাপির রাও এদিন বললেন, ‘পশ্চিমবঙ্গ ও অসমের চা বাগানের কর্মীদের জন্য মোদী যে কাজ করেছেন, তা ভগবান, আল্লার অবতারের মতো’।

তবে এদিন শুধু টাপির গাও একা নন, ভারতের প্রধানমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসায় মেতে উঠলেন বিজেপির অন্য এক সাংসদ জামিয়াং সেরিং নামগিয়ালও। জম্মু ও কাশ্মীরের জন্য অতিরিক্ত অনুদানের অনুমোদন সংক্রান্ত বিতর্কে অংশ নিয়ে নামগিয়াল প্রধানমন্ত্রীকে ‘যুগপুরুষ’ হিসেবে অভিহিত করেছেন। বিজেপির পূর্বসূরী জনসংঘের তাত্ত্বিক নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নকে বাস্তব রূপদানের জন্য তিনি মোদীকে যুগপুরুষ হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য, শ্যামাপ্রসাদ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার বিরোধিতা করেছিলেন।

নরেন্দ্র মোদীর কাজে আপ্লুত অরুণাচলের বিজেপি সাংসদ বললেন, ‘তিনি সাধারণ মানুষ নন। তিনি কোনও অবতার, যিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং দেশকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে চলেছেন।ভারতীয় হিসেবে এজন্য আমাদের গর্বিত হওয়া উচিত’।

অরুণাচল পূর্বের সাংসদ তাঁর নিজের রাজ্য ও উত্তর-পূর্বের পরিকাঠামো উন্নয়ণে মোদী সরকারের গৃহীত পদক্ষেপগুলির তালিকাও উল্লেখ করেছেন তাঁর ভাষণে। ২০২১-২২ এর কেন্দ্রীয় বাজেটে অসম ও পশ্চিমবঙ্গের চা বাগানের কর্মীদের কল্যাণের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দের উল্লেখ করে গাও-এর দাবি, এর ফলে চা বাগানের শ্রমিকদের জীবনে আশার সঞ্চার হয়েছে।

RELATED Articles