Assam : নতুন করে বড় অভিযান! অসম থেকে ফেরত ৩৩০ বাংলাদেশি, এবার গৌরব গগৈকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী!

ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর দীর্ঘদিন ধরেই অনুপ্রবেশ নিয়ে উত্তেজনা রয়েছে অসমে। এবার ফের সেই ইস্যুকে সামনে এনে চাঞ্চল্য ছড়াল রাজ্য সরকার। বিধানসভায় দাঁড়িয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়ে দিলেন, সম্প্রতি ৩৩০ জন অবৈধ বাংলাদেশিকে রাজ্য থেকে তাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়েছেন বাংলাদেশের উপদেষ্টা প্রধান মহম্মদ ইউনুস। কিন্তু এখানেই থেমে থাকেননি শর্মা। ভবিষ্যতে এই অভিযান আরও গতি পাবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে তাড়াতে ১৯৫০ সালের বিশেষ অভিবাসী আইনকে ব্যবহার করেছে অসম সরকার। এই আইন রাজ্যের আধিকারিকদের অনুপ্রবেশকারী শনাক্ত ও তাঁদের তাড়ানোর অনুমতি দেয়। শর্মার কথায়, “এই আইনের ভিত্তিতেই গত কয়েক মাসে আমরা ৩৩০ জন বাংলাদেশিকে অসম থেকে বাংলাদেশ ফেরত পাঠিয়েছি। আগামী দিনে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে আমাদের এই অভিযান আরও দ্রুততার সঙ্গে চালিয়ে যাব।”

শুধু তাই নয়, অসমের কংগ্রেস সভাপতি গৌরব গগৈকেও নাম না করে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “২ হাজার ৬০০টি সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট চিহ্নিত করেছি আমরা, যেগুলি পাকিস্তান ও সৌদি আরব থেকে পরিচালনা করা হয়। এই সব অ্যাকাউন্ট থেকে প্যালেস্টাইন এবং অসম সম্পর্কে লেখা হয়েছে। আগামী দিনে এই সমস্ত অ্যাকাউন্ট সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করা হবে। এই অ্যাকাউন্টগুলি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে স্বাগত জানায় না, অথচ রাজ্যের এক কংগ্রেস নেতার প্রশংসায় পঞ্চমুখ।”

এদিন বিধানসভায় দাঁড়িয়ে হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, “আমি অসমের মুখ্যমন্ত্রী ঠিকই, তবে আমার প্রথম পরিচয় আমি একজন অসমিয়া। আমার যাবতীয় কাজকর্ম সেই পরিচয়কেই তুলে ধরবে। অসমের স্বার্থরক্ষার এই পথে, আমি আমার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের পথ অনুসরণ করব ও তাঁদের থেকে অনুপ্রেরণা নেব।”

আরও পড়ুনঃ America : আমেরিকায় ভারতীয় ছাত্রকে হাতকড়া! বিমানবন্দরে ফেলে হেনস্থা, ভিডিও দেখে তীব্র ক্ষোভ নেটপাড়ায়!

উল্লেখ্য, ১৯৫০ সালের অসমের বিশেষ অভিবাসী আইন অসম সরকারকে রাজ্য থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বহিষ্কারের বিশেষ ক্ষমতা দেয়। এই আইনে বলা হয়েছে, সেই সব অবৈধ বাসিন্দা, যারা রাজ্যের জনগণের স্বার্থের পরিপন্থী, তাঁদের বহিষ্কার করতে পারবে সরকার। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, আগামীতেও এই অভিযান আরও জোরদারভাবে চলবে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles