ভারতে বাস করে তালিবানদের সমর্থন। শুধু সমর্থনই নয়, তালিবানদের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার। এই অভিযোগে অসমের নানান প্রান্ত থেকে অন্ততপক্ষে ১৪ জনকে গ্রেফতার করল পুলিশ। এই ধৃতদের মধ্যে একজন হবু চিকিৎসক রয়েছে বলে জানা গিয়েছে।
অসম পুলিশ সূত্রের খবর অনুযায়ী, অসমের মোট ১১টি জেলা থেকে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, কামরূপ, বারপেটা, ধুবুরি ও করিমগঞ্জ জেলা থেকে দু’জন করে এবং দারাং, কাছার, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া ও হোজাই জেলা থেকে এক জন করে গ্রেফতার হয়েছে। এছাড়াও এর মধ্যে হাইলাকান্দির এক ডাক্তারি পড়ুয়াও রয়েছে। ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সংস্থা সূত্রের খবর, গতকাল, শুক্রবার রাত থেকে অসমে এই গ্রেফতারি শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নজর রাখার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে বলেও জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তালিবান সমর্থনে কেউ কোনও পোস্ট করছে কী না, সেদিকে নজরদারি চালাচ্ছেন অসম পুলিশের ডিআইজি ভায়োলেট বড়ুয়া।
অসমের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “আমরা সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি চালাচ্ছি। কোথাও তালিবানের সমর্থনে পোস্ট হলেই ব্যবস্থা নেওয়া হবে”। অসম পুলিশের কথায়, তালিবানের সমর্থনে এভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাতে থাকলে সাম্প্রদায়িক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। ডিআইজি ভায়োলেট বড়ুয়া নেটিজেনদের আবেদন জানিয়েছেন, “এই ধরনের কোনও পোস্ট নজরে পড়লে পুলিশকে জানান”।
আরও পড়ুন- পিছু হটছে তালিবানরা, আফগানিস্তানের তিন জেলা মুক্ত তালিবানি শাসন থেকে, উড়ল আফগানি পতাকা
তালিবানরা আফগান ভূমি দখলের পর থেকেই এ দেশে একটা চাপা উত্তেজনা শুরু হয়েছে। আফগান মহিলা ও শিশুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান লেখালেখিও চলছে। আর এসবের মধ্যেই তালিবানদের সমর্থন করে পোস্টের সংখ্যাও কম নয়। এবার এই সমস্ত প্রোফাইল ব্যবহারকারীদের তল্লাশি শুরু করে গ্রেফতার শুরু করল পুলিশ।





