আজ ৫ই আগস্ট। বিজেপির কথায় আজকের দিনটি ঐতিহাসিক হয়ে থাকবে। তা হয়তো বলাই বাহুল্য। বহু টানাপোড়েন বহু লড়াইয়ের পর আজ অযোধ্যায় রামলালার মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হতে চলেছে। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান। বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ অযোধ্যায় বহু প্রতীক্ষিত রামমন্দিরের ভূমিপুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থাপন হবে ভিত্তি প্রস্তর।
সূত্র মারফত খবর, গোটা অনুষ্ঠান পর্ব পরিচালনা করবেন রামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের মহাসচিব চম্পত রায়। জানা গিয়েছে, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-সহ আমন্ত্রিত বিশেষ অভ্যাগতদের স্বাগত জানাবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রামমন্দিরের ভূমিপুজোয় প্রধান যজমান হিসেবে থাকবেন বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন প্রধান তথা রাম মন্দির আন্দোলনের অন্যতম প্রধান মুখ অশোক সিঙ্ঘল ও তাঁর ভাইপো সলিল সিঙ্ঘল।
অযোধ্যায় এসে প্রথম হনুমানগড়ি মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী। বর্তমান অবস্থাকে মাথায় রেখে গোটা রাস্তাকে স্যানিটাইজ করা হয়েছে। এমনকি স্যানিটাইজ করা হচ্ছে রাস্তার ধারের দোকানগুলিকেও।
অনুষ্ঠানের শুরুতে সবাইকে আশীর্বাদ করবেন রামজন্মভূমি তীর্থ ক্ষেত্রের অধ্যক্ষ নৃত্যগোপাল দাস। এরপর ভাষণ দেবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। ভূমি পুজোয় অংশ নেওয়ার পর ভাষণ দেবেন স্বয়ং প্রধানমন্ত্রীও।
বুধবারের সফরে সাকেত কলেজে থেকে প্রথমে হনুমানগড়িতে পৌঁছবেন প্রধানমন্ত্রী। করোনা সুরক্ষার কথা মাথায় রেখে মন্দিরের ভিতরেও এদিন স্যানিটাইজ করা হয়েছে। হনুমানগড়ির মহন্ত মাধবন দাস জানিয়েছেন, তিনি সকলকে অনুরোধ করেছেন মাস্ক পরতে।
সেখানে ১০ মিনিট থাকার কথা প্রধানমন্ত্রীর। বেলা ১২টায় রাম জন্মভূমির অনুষ্ঠানস্থলে পৌঁছবেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ করার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তার সঙ্গে অন্যান্য যেসব ছোট রাস্তা এসে মিশেছে সেগুলিকে আটকে দেওয়া হয়েছে আগেই।
একদিকে নিরাপত্তা আর করোনা সুরক্ষার দিকে যেমন নজর রাখা হয়েছে, তেমনই খেয়াল রাখা হচ্ছে সৌন্দর্যায়নের দিকটাও। হাজার হাজার মাটির ছোট ছোট কলসে রঙ করা চলছে। এগুলিই বসানো হবে সাকেত কলেজ থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত রাস্তার দু’পাশে।
অযোধ্যা প্রশাসন যখন গোটা শহরে সাজিয়ে তুলতে চেষ্টার কোনও কসুর রাখছে না সেখানে পিছিয়ে নেই রেল কর্তৃপক্ষও। অযোধ্যা স্টেশনকে মন্দিরের আদলে সাজানো হয়েছে! বসানো হয়েছে রামের মূর্তি। রঙ্গোলিতে সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যার রাম কি পৌরি ঘাট।





