খুনের ছক! রাতের অন্ধকারে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা মুখ্যমন্ত্রীকে, গ্রেফতার ৩

গত বৃহস্পতিবার রাতে নাইট কার্ফুর পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় বেরিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। পায়ে হেঁটেই পরিদর্শন করছিলেন তিনি। সঙ্গে ছিল তাঁর দেহরক্ষী ও বিশাল পুলিশ বাহিনী। এই সময়ই আচমকা ঘটে যায় একটি ঘটনা।

হঠাৎই একটি গাড়ি দ্রুত গতিতে মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে আসতে থাকে। গাড়িটিকে এভাবে বেপরোয়া ছুটে আসতে দেখে বিপ্লব দেবের দেহরক্ষীরা চিৎকার করে ওঠেন। এরপর মুখ্যমন্ত্রী কার্যত লাফ দিয়ে ফুটপাতে উঠে পড়েন।

জানা গিয়েছে, অল্পের জন্য প্রানে বেঁচে যান তিনি। তবে তাঁর গা ঘেঁষে গাড়িটি বেরিয়ে যায়। পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে আইজিএম চৌমুহনী এলাকায়। এই ঘটনার জেরে গোটা রাজ্যেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

আরও পড়ুন- বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে প্রভাবশালী এই বিজেপি নেতা

ঘটনার পর থেকেই ওই গাড়িটির তল্লাশি শুরু করে পুলিশ। নানান জায়গায় তল্লাশি চালিয়ে অবশেষে উদ্ধার হয় ওই গাড়ি। গাড়িটির নম্বর প্লেট অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সময় গাড়ির ভিতরে থাকা তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিন ধৃতদের নাম শুভম সাহা, আমন সাহা ও গৈরিক সাহা। ঘটনার সময় গৈরিক গাড়ি চালাচ্ছিল। কিন্তু এভাবে বেপরোয়াভাবে কেন গাড়ি চালানো হচ্ছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মুখ্যমন্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

এদিকে এই ঘটনায় ত্রিপুরার বিজেপির দাবী, এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে। গোটা বিষয় পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।

আরও অন্যান্য খবর