হেমতাবাদে বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে কার্যত অনড় বিজেপি। যদিও প্রাথমিক তদন্তের পর বিশেষজ্ঞরা এক প্রকার নিশ্চিত হয়ে গেছেন যে এই বিধায়ক আত্মহননই করেছেন। কিন্তু তা মানতে নারাজ বঙ্গ বিজেপি। আজ সকালেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন বাবুল সুপ্রিয়, কৈলাস বিজয়বর্গীরা। বিকেলেও আবার একই দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গ থেকে দলের সাংসদ ও মন্ত্রীরা। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ-এর পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় নিজের বক্তব্যে জানান পুরোটাই রাজ্য সরকারের বানানো। সুইসাইড নোট লিখে ওনার পকেটে ভরে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের ওপর আর কেউ বিশ্বাস করে না। আমরা সিবিআই তদন্তের দাবি রেখেছি।
এদিন সকালেও একই দাবিতে রাষ্ট্রপতির শরণাপন্ন হয়েছিল বিজেপির এই প্রতিনিধিদল। রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়ে বেরিয়ে বিজেপি নেতা কৈলাস বলেন, ‘বোমা বিস্ফোরণ, গুলি এগুলোই এখন পশ্চিমবঙ্গের পরিচয় হয়ে দাঁড়িয়েছে। ভোট যত এগোচ্ছে ততই হিংসা বাড়ছে। বিজেপির কোনও কর্মীর নাম লিখে মৃতের নামে একটা সুইসাইড নোট তৈরি করবে। তার পর বিজেপি কর্মীকেই জেলে ভরবে। আমরা মাননীয় রাষ্ট্রপতিকে বলেছি, আমাদের ওখানকার কোনও তদন্তকারী সংস্থার ওপর কোনও ভরসা নেই। এই ঘটনার সিবিআই তদন্ত প্রয়োজন।’
পশ্চিমবঙ্গ সরকারের অপসারণ দাবি করে কৈলাস বিজয়বর্গী আরও বলেন, ‘যেখানে জনপ্রতিনিধির সুরক্ষা নেই সেই সরকারেরও ক্ষমতায় থাকার অধিকার নেই। এই সরকারকে এখুনি বরখাস্ত করা উচিত। সেজন্য রাজ্যপালের কাছে আপনার রিপোর্ট তলব করা উচিত।‘





