পুলিশের কাজে হস্তক্ষেপের অভিযোগ উঠল তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। এই কারণে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, ব্রাত্য বসু ও দোলা সেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। মঙ্গলবার গভীর রাতে ত্রিপুরার খোয়াই থানায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করেছে পুলিশ।
সূত্রের খবর অনুযায়ী, এই মামলা দায়ের করেছেন খোয়াই থানার ওসি মনোরঞ্জন দেববর্মা। অভিযুক্তের তালিকায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিধায়ক তথা মন্ত্রী ব্রাত্য বসু, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও সাংসদ দোলা সেনের।
আরও পড়ুন- ‘আমাদের সবার পকেটে ব্লেড রয়েছে’, ত্রিপুরার পুলিশকে শাসানি দেবাংশুর, তুমুল ভাইরাল সেই ভিডিও
এছাড়াও অভিযোগ করা হয়েছে ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক ও প্রকাশ দাসের বিরুদ্ধে। অভিযোগ, গত রবিবার থানায় বসে পুলিশের কাজে হস্তক্ষেপ করেছেন এই তৃণমূল নেতারা। দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, ও সুদীপ রাহাকে কোর্টে নিয়ে যেতে বাধা দেন তারা। এই কারণে এই ৬ তৃণমূল নেতার বিরুদ্ধে ১৮৬/৩৪ ধারায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করা হয়েছে।
তবে পুলিসের এই অভিযোগকে আমল দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। কুণাল ঘোষের পাল্টা দাবী, “বিজেপির নির্দেশে পুলিস এই অভিযোগ করেছে। ভয়ে পেয়ে মামলা করেছে বিজেপি। আমরা কোনও কাজে বাধা দিইনি। আমরা আইনি পথে লড়ব। আরও দশগুণ শক্তি নিয়ে ত্রিপুরায় যাব”।
তৃণমূল নেতৃত্বের প্রশ্ন, “অভিযোগ থাকলে রবিবার কোর্টে কেন বলেনি পুলিস? এতদিন পর কেন মামলা দায়ের”? তৃণমূলের এই দাবীর বিরুদ্ধে পাল্টা দিয়েছে বিজেপি। জয়প্রকাশ মজুমদারের কথায়, “বিরোধীদের বিরুদ্ধে মিথ্যে মামলা করা তৃণমূলের অভ্যাস। তাঁদের মুখে মিথ্যে মামলার কথা মানায় না”।
Tripura: অন্যায়ভাবে ধৃত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য গুচ্ছের মিথ্যা অভিযোগ দিয়ে অভিষেক, ব্রাত্য, দোলা, আমি, সুবলদা, প্রকাশদার বিরুদ্ধে IPC 186/34 ধারায় নিজের থেকে মামলা করল খোয়াই থানার পুলিশ।
ভয় পেয়েছে বিজেপি। pic.twitter.com/QHLBbkZTAT— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 11, 2021
প্রসঙ্গত, গত শনিবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত ও সুদীপ রাহার উপর হামলা করা হয়। তৃণমূল এই হামলার দায় চাপায় বিজেপির বিরুদ্ধে। এরপর এই তিন যুবনেতা-সহ মোট ১৪ জন তৃণমূল নেতাকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ।
আরও পড়ুন- ‘ওরা ওখান থেকে নাটক শিখে নাটক করতে এসেছিল এখানে’, তৃণমূল প্রসঙ্গে দাবী ত্রিপুরা বিজেপির
এই খবর পাওয়ার পরই তড়িঘড়ি ত্রিপুরায় উড়ে যান কুণাল ঘোষ, ব্রাত্য বসু ও দোলা সেন। যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রবিবার ত্রিপুরায় গিয়র খোয়াই থানায় সকাল থেকে ঠায় বসেছিলেন অভিষেক। অবশেষে রাতের দিকে ওই ১৪ জন তৃণমূল নেতাকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয় ত্রিপুরা হাইকোর্ট।





