বিয়ের চলাকালীনই পেটে অসহ্য ব্যাথা, পরদিনই মা হলেন কনে, মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর চেপেই বিয়ে দেওয়ার চেষ্টা মা-বাবার

ভালোমতোই চলছিল বিয়ের অনুষ্ঠান। কিন্তু বিয়ের আসরেই অসহ্য পেট ব্যাথা শুরু হয় কনের। লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরদিনই সন্তানের জন্ম দেন ওই কনে। এমন খবর শুনে মাথায় বজ্রাঘাত পাত্রপক্ষের। ভেঙে দেওয়া হয় নবদম্পতির বিয়ে।

জানা গিয়েছে, গ্রেটার নয়ডার এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয় সেকেন্দ্রাবাদের ওই তরুণীর। সময়মতোই বিয়ের অনুষ্ঠান শুরু হয়। সবকিছুই ঠিকঠাকই চলছিল। কিন্তু আচমকাই পেটের ব্যথায় ছটফট করতে শুরু করেন কনে।

তাড়াতাড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই চিকিৎসকরা পাত্র ও তাঁর বাবা-মা’কে জানান যে নববধূ ৭ মাসের অন্তঃসত্ত্বা। এমন খবর শুনে চমকে ওঠেন তাঁরা। এই ঘটনার পরদিনই ফুটফুটে এক শিশুকন্যার জন্ম দেন ওই তরুণী।

মেয়ে যে গর্ভবতী, তা আগে থেকেই জানত কনেপক্ষ। কিন্তু তা সত্ত্বেও তারা তা লুকিয়েই মেয়ের বিয়ের ব্যবস্থা করেন বলে স্বীকার করে নিয়েছেন। কনেপক্ষের তরফে জানানো হয়েছিল যে তরুণীর পেটে সম্প্রতি অপারেশন হয়েছে। সেই কারণে স্ফীত হয়ে রয়েছে পেট।

পরে সমস্ত কথা জানাজানি হলে দুই পরিবারের মধ্যে এই বিষয়টি নিয়ে কোনও কথা হয়নি। দুই পরিবারের মধ্যে সমঝোতার কারণে পুলিশে কোনও অভিযোগ জানানো হয়নি বলে খবর। তবে পুলিশ জানায় যে এই ঘটনার সম্পর্কে জানতে পেরেছেন তারা। কনের মা-বাবা জানান যে পাত্রপক্ষের তরফে তাদের মেয়েকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

RELATED Articles