বিজেপি প্রার্থীর ব্যানার-ফ্লেক্স ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল, ভোটের আগে ফের উত্তপ্ত বাংলার মাটি

পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, বাংলায় পরিস্থিতি যেন ততই উত্তপ্ত হচ্ছে। এবার বিজেপি প্রার্থীর ব্যানার, ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগে উত্তেজনা ছড়াল তারকেশ্বরে বালিগরি এলাকায়। এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তোলা হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবী, তৃণমূল তাদের ভয় পাচ্ছে, সেই কারণে তাদের দমাতে এমন ঘটনা ঘটানো হয়েছে।

বালিগরির ৩৬ নম্বর আসনে জেলা পরিষদের বিজেপি প্রার্থী বাপ্পাদিত্য ঘোড়ুই। জানা গিয়েছে, তাঁর সমর্থনে এলাকায় ব্যানার, ফ্লেক্স লাগানো হয়েছিল। কিন্তু অভিযোগ, গতকাল, বৃহস্পতিবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলে সেগুলি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে তারকেশ্বরের বালিগরি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় তারকেশ্বর থানার পুলিশ।

এই খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বিমান ঘোষ। তাঁর কথায়, “তৃণমূলের কিছু দুষ্কৃতী ফেস্টুন, হোর্ডিং ছিঁড়ে ফেলে দিয়েছে। হেরে যাওয়ার ভয়ে ওরা এসব করছে। এলাকায় জনপ্রিয়তা দেখে ভয় পাচ্ছে। তবে ওদের জানা নেই আমাদের কর্মীরা শেষ ব্যালট গণনা না হওয়া পর্যন্ত ময়দানে থাকবে। এসব করে কিছু করতে পারবে না। থানায় জানাব আমরা। আইনি পথে যা যা করার সেটা বিজেপি করবে, পথে নেমে যা করার বিজেপি করবে। জায়গা ছাড়ার কোনও প্রশ্নই নেই”।

যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তৃণমূল অঞ্চল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কথায়, কার ব্যানার বা কারা তা ছিঁড়ে ফেলে দিয়েছে, সেসব দেখা তাদের কাজ নয়। এই ঘটনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব খাড়া করেছেন তিনি।

তৃণমূল নেতার কথায়, “আমরা বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। সবটাই খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে। আমাদের তো মনে হচ্ছে এসব ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আমরা এর ব্যাপারে বলতে পারব না। মানুষ উন্নয়নের দিকে ভোট দেবে বুঝতেই পারছি। কারণ, প্রচারে গিয়ে দেখছি, সকলেই দিদিকে চাইছেন”।

RELATED Articles