হোম আইসোলেশন নিয়ে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্র

এবার হোম আইসোলেশন নিয়ে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার। এবার করোনার উপস্বর্গ দেখা দিলে সবাইকে হাসপাতালে নাও যেতে হতে পারে। তবে এ বিষয়ে দেওয়া হয়েছে একগুচ্ছ শর্ত।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জারি হোম আইসোলেশনের ব্যাপারে নতুন নির্দেশিকায় বলা হয়েছে, যেসব রোগীর মধ্যে করোনার হালকা উপসর্গ দেখা দেবে বা প্রি-সিম্পটোম্যাটিক তাদের যদি বাড়িতেই হোম আইসোলেশনে থাকার ব্যবস্থা থাকে তাহলে তারা বাড়িতেই থাকতে পারেন। হাসপাতালে আসার দরকার নেই। এর আগে কেন্দ্রের নির্দেশিকা ছিল, কারও কোভিড পজিটিভি হলে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে, তা তিনি যে স্তরেই থাকুন না কেন।

কেন্দ্রের তরফে এই নির্দেশিকায় হোম আইসোলেশনে থাকার কিছু শর্ত দেওয়া হয়েছে-

◆যখন কোনও মানুষের শরীরে করোনার উপসর্গ চিকিৎসক দেখে মনে করবেন খুবই হালকা বা প্রি-সিম্পটোম্য়াটিক।

◆ওইসব রোগীদের বাড়িতে যদি ঠিকঠাক আইসোলেশেনের জায়গা থাকে তবেই হোম আইসোলেশন হবে।

◆২৪ ঘণ্টা ওই রোগীর ওপর নজরদারি রাখতে পারবেন এমন লোককে থাকতে হবে।

◆হোম আইসোলেশনে থাকার সময় যিনি রোগীর ওপর সবসময় নজর রাখবেন তাকে ২৪ ঘণ্টা হাসপাতালের সঙ্গে যোগাযোগ-এ থাকতে হবে।

◆রোগীর ফোনে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে।

◆রোজ রোগীর শারীরকি অবস্থা জেলা স্বাস্থ্য আধিকারিককে জানাতে হবে।

◆রোগীকে হোম কোয়ারেন্টাইনের সব শর্ত মেনে চলতে হবে।

এছাড়াও হোম আইসোলেশনে থাকার সময় নিম্নলিখিত ক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে পরামর্শের প্রয়োজন হবে, প্রথমত, শ্বাস নিতে কষ্ট হলে। দ্বিতীয়ত, বুকে ব্যাথা বা চাপ অনুভব করলে। তৃতীয়ত, মানসিকভাবে ভেঙে পড়লে এবং চতুর্থত, মুখে বা ঠোঁটে নীলচে দাগ দেখা গেলে।

উল্লেখ্য, সোমবার রাজ্য স্বাস্থ্য মন্ত্রকের তরফেও প্রায় এরকমই কথা বলা হয়েছিল। সেখানে বলা হয় করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে যারা আসবেন তারা চাইলে নিজেদের হোম আইসোলেশনে থাকতে পারেন। তবে তাদের বাড়িতে সেই সুবিধা থাকা আবশ্যক।

RELATED Articles

Leave a Comment