পদ্মভূষণ সম্মান পাচ্ছেন মিঠুন চক্রবর্তী, তালিকায় রয়েছেন ঊষা উত্থুপও, পদ্মশ্রী সম্মানে ভূষিত হবেন ৪ বঙ্গ সন্তান

সাধারণতন্ত্র দিবসের আগের রাতেই পদ্ম সম্মান প্রাপকদের তালিকা ঘোষণা করল কেন্দ্র। প্রত্যেক বছরেই নানান ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের পদ্ম সম্মানে ভূষিত করা হয়। এই সম্মানগুলি হল- পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী।

এই বছর ৫ জন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ ও ৩৪ জন পদ্মশ্রী পাচ্ছেন। পদ্মবিভূষণ পাচ্ছেন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু আর পদ্মভূষণ সম্মানে ভূষিত হবেন বঙ্গ সন্তান মিঠুন চক্রবর্তী। পদ্মভূষণ পাওয়ার তালিকায় রয়েছেন বিশিষ্ট গায়িকা ঊষা উত্থুপও।

দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান হল পদ্মবিভূষণ। পদ্মবিভূষণে ভূষিত করা হবে পাঁচজনকে। এরা হলেন দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী, বেঙ্কাইয়া নাইডু, তামিলনাড়ুর বিজয়ন্তীমালা বালি, পদ্ম সুব্রহ্মনিয়ম এবং বিহারের সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক (মরণোত্তর)।

দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান হল পদ্মভূষণ। এই তালিকায় মিঠুন চক্রবর্তী ও ঊষা উত্থুপ ছাড়াও রয়েছেন কেরলের ওলানচেরি রাজাগোপাল, গুজরাতের চিকিৎসক তেজস মধুসূদন পটেল, লাদাখের তোগদান রিনপোচে (মরণোত্তর), মহারাষ্ট্রের দত্তত্রয় অম্বদাস মায়ালু ওরফে রাজদূত, বিহারের চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর, মহারাষ্ট্রের পেয়ারেলাল শর্মা, মহারাষ্ট্রের কুন্দন ব্যাস, তামিলনাড়ুর বিজয়কান্ত (মরণোত্তর) কেরলের এম ফতিমা বিভী (মরণোত্তর), কর্নাটকের শিল্পপতি সীতারাম জিন্দল, মহারাষ্ট্রের সাহিত্য সাংবাদিক হরমুসজি এন কামা, মহারাষ্ট্রের রাম নায়েক, মহারাষ্ট্রের চিকিৎসক অশ্বিনী বালচাঁদ মেহতা প্রমুখ।

এই বছর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ৩৪ জন। এদের মধ্যে চার জন বাঙালিও রয়েছেন। এরা হলেন বীরভূমের ভাদু শিল্পী রতন কাহার, পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি, কলকাতার মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল ও পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর। ২০২৩ সালের প্রয়াত হয়েছেন নেপালচন্দ্র সূত্রধর। মরণোত্তর পদ্ম সম্মান পাবেন তিনি। 

RELATED Articles