পড়ুয়াদের নয়, ছাগলের গায়ে ‘শোভা’ পাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম, দিব্যি ইউনিফর্ম পরে খাচ্ছে ঘাস, এ কী কাণ্ড বাংলায়?

রাজ্যে শিক্ষাব্যবস্থা নিয়ে অভিযোগের অন্ত নেই। নানান অভিযোগ উঠেছে শিক্ষা ব্যবস্থা নিয়ে। শিক্ষক নিয়োগ দুর্নীতি তো রয়েছেই, এর সঙ্গে অভিযোগ, কোনও স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই, তো আবার কোনও স্কুল বন্ধ হওয়ার পথে পড়ুয়াদের অভাবে। এরই মাঝে শীতের সকালে দেখা গেল এক দৃশ্য। স্কুলের ইউনিফর্ম পরে ঘাস খাচ্ছে ছাগলের দল, যা দেখে হতভম্ব হওয়ারই কথা।

কী ঘটেছে ঘটনাটি?

এমন ঘটনা ঘটেছে পুরুলিয়ার বাঘমুণ্ডিতে। এই অভিযোগ করেছেন বাঘমুণ্ডি থানা এলাকার চানোর বাসিন্দা দিলীপ প্রামাণিক। তিনি জানান, প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি দেখতে পান গ্রামের বাসিন্দার একদল ছাগল মাঠে ঘুরে বেড়াচ্ছে। আর তাদের গায়ে রয়েছে সরকারি স্কুলের ইউনিফর্ম।

এ রাজ্যে সরকারের তরফে দেওয়া হয় সরকারি স্কুলের পোশাক। পড়ুয়াদের জন্য বরাদ্দ পোশাক পরে মাঠে ঘাস খাচ্ছে ছাগলের দল। এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। এই ঘটনায় স্কুলের উদাসীনতাকে দায়ী করেছেন ওই ব্যক্তি।

কী অভিযোগ ওই ব্যক্তির?

ওই ব্যক্তির অভিযোগ, স্কুলের পড়ুয়াদের জন্য নানান ধরণের সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। কিন্তু স্কুলের শিক্ষকের উদাসীনতার ফলে সরকারের দেওয়া পোশাক ঠিকমতো পাচ্ছে না পড়ুয়ারা। এই ঘটনায় বাঘমুণ্ডি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় রঞ্জন মাজির বিরুদ্ধে অভিযোগ তুলে শাস্তির দাবী করেছেন দিলীপবাবু।

কী জানাচ্ছেন প্রধান শিক্ষক?

প্রধান শিক্ষক মলয় রঞ্জন মাজির দাবী, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই নীল রঙের পোশাকগুলি পুরনো। এখন সরকারের তরফে নীল-সাদা ইউনিফর্ম দেওয়া হচ্ছে পড়ুয়াদের জন্য। তবে স্কুলের ইউনিফর্ম কীভাবে ছাগলের গায়ে এল, তা তিনি জানেন না বলেই জানান শিক্ষক্ল।

অন্যদিকে, যাদের ছাগলের গায়ে এই পোশাক দেখা গিয়েছে, তারা জানাচ্ছেন, কোনও শিক্ষক তাদের এই পোশাক দেন নি। আর তাদের সন্তানও ওই স্কুলে পড়াশোনা করে না। তাহলে তারা সেই পোশাক পেলেন কীভাবে? উঠছে প্রশ্ন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles