করোনা মোকাবিলায় সকল রাজ্যের জন্য ১১ হাজার ৯২ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করল কেন্দ্র

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় আড়াই হাজার। মারা গিয়েছেন ৬২ জন। কম বেশি ভারতের সব রাজ্যেই আক্রমণ করেছে করোনা ভাইরাস। সব রাজ্যই নিজের মত করে লড়াই করছে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে। এবার করোনা মোকাবিলা চালিয়ে যেতে দেশের সব রাজ্যের পাশে দাঁড়াতে ১১ হাজার ৯২ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। আগে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সময়ে এমন বরাদ্দ ঘোষণার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো এদিন বরাদ্দ ঘোষণা করল কেন্দ্র।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন দেশের সব রাজ্যের জন্য ১১ হাজার ৯২ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন। ‘স্টেট ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ফান্ড’ (এসডিআরএমএফ) বাবদ এই টাকা বরাদ্দ করা হয়েছে। এই টাকা দিয়ে রাজ্যগুলি কোভিড-১৯ মোকাবিলায় কোয়ারেন্টাইন তৈরি থেকে অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারবে। এর ফলে উপকৃত হবে সকল রাজ্য।

করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াই চলছে গোটা দেশে। এর জন্য রাজ্যগুলির জন্য কেন্দ্র অর্থ বরাদ্দ করুক বলে দাবি উঠেছে প্রথম থেকেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই দেশের সব রাজ্যের জন্য অর্থ বরাদ্দের দাবি তুলেছিলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, প্রথম ধাপে বিপর্যয় মোকাবিলায় ১১ হাজার ৯২ কোটি টাকা বরাদ্দ করা হল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেই নরেন্দ্র মোদী অর্থ বরাদ্দের কথা ঘোষণা করেছিলেন। শুক্রবার সেই অর্থ বরাদ্দ কার্যকর হল।

এই অর্থ দিয়ে রাজ্যগুলি কী কী করতে পারবে সেটাও স্পষ্ট করে বলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। বলা হয়েছে, কোয়ারেন্টাইনের সুবিধা, করোনা সন্দেহে নমুনা সংগ্রহ, স্ক্রিনিং, ল্যাবরেটরি তৈরি, স্বাস্থ্যকর্মীদের জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) কেনা, থার্মাল স্ক্যানার, ভেন্টিলেটার ছাড়াও সরকারি হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী কেনা যাবে এই বরাদ্দ অর্থে।

এই অর্থের ফলে রাজ্যগুলোর করোনা মোকাবিলা আরও সোজা হয়ে গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

RELATED Articles

Leave a Comment