এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শাহরুখ খান, নিজের সংস্থাগুলির মাধ্যমে করোনা আটকাতে নিলেন একগুচ্ছ পদক্ষেপ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৪৭। মারা গিয়েছেন ৬২ জন। এই অবস্থায় দেশজুড়ে চলছে লকডাউন। রাজ্যে রাজ্যে তৈরি করা হয়েছে রিলিফ ফান্ড। কেন্দ্রীয় সরকার ও একটি রিলিফ ফান্ড তৈরি করেছেন যার নাম PM CARES ফান্ড। তারকা থেকে সাধারণ মানুষ সবাই নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশকে করোনা মুক্ত করতে। এবার এই মহান উদ্যোগে সামিল হলেন বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান।

তিনি তাঁর অধিকৃত চারটি সংস্থার মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। কলকাতা নাইট রাইডার্স, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, রেড চিলিজ ভিএফএক্স, মীর ফাউন্ডেশন ; এই চারটি সংস্থার মাধ্যমে শাহরুখ নিজের পদক্ষেপ নিতে চলেছেন। তিনি জানিয়েছেন, প্রথমে দিল্লি, কলকাতা ও মুম্বাইয়ে তিনি এই কাজ শুরু করছেন। 

কলকাতা নাইট রাইডার্স PM CARES ফান্ডে অনুদান দিচ্ছে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিচ্ছে। মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গের জন্য কলকাতা নাইট রাইডার্স ও মীর ফাউন্ডেশন ৫০ হাজার টেস্ট কিট কিনছে। মীর ফাউন্ডেশন ‘এক সাথ’ নামে একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে মুম্বাইয়ে ৫৫০০ পরিবারের অন্ন যোগানের ব্যবস্থা করছে। এছাড়াও তারা রোজ ২০০০ মিল রান্না করবে যেগুলো বিভিন্ন বাড়ি ও হাসপাতালে যাবে। মীর ফাউন্ডেশন ও রোটি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একমাসের জন্য তিন লক্ষ মিল বানানো হবে দৈনিক শ্রমিকদের জন্য। দিল্লিতে থাকা ২৫০০ জন শ্রমিককে একমাসের মুদিখানার জিনিস কিনে দেবে মীর ফাউন্ডেশন। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, দিল্লি ও উত্তরাখণ্ডের ১০০ জন অ্যাসিড আক্রান্তেরও দায়িত্ব নিয়েছে মীর ফাউন্ডেশন।

RELATED Articles

Leave a Comment