এবার পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য বিশেষ ট্রেন চালাবে কেন্দ্র। শুধু পরিযায়ী শ্রমিক নয়, বিভিন্ন রাজ্যে আটকে থাকা তীর্থযাত্রী, পড়ুয়া, পর্যটক এবং অন্যান্যদের বাড়ি ফেরার সুবিধার্থেও বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই সংক্রান্ত অনুমতি দেওয়া হয়েছে। তবে বিনা খরচে যাত্রা করতে পারবেন না পরিযায়ী শ্রমিকরা। এ জন্য তাঁদের ভাড়া গুণতে হবে। এটাও জানিয়ে দিয়েছে কেন্দ্র।
ট্রেনের টিকিট বিক্রির বিষয়ে রেল মন্ত্রকের তরফে পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশ করা হবে। কামরা, প্ল্যাটফর্ম এবং যেখানে যেখানে ট্রেন দাঁড়াবে সেই সমস্ত স্থানে সামাজিক দূরত্ব ও নিরাপত্তা বজায় রাখতে সমস্ত ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় একটি নির্দিষ্ট স্থান থেকে আর একটি স্থানে এই ‘শ্রমিক স্পেশাল’ ট্রেনগুলি চলবে। প্রোটোকল মেনে রাজ্যগুলিকে এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক বা দফতরে আবেদন করতে হবে। পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার ক্ষেত্রে নির্দিষ্ট প্রোটোকল মেনে চলতে হবে বলেও উল্লেখ করা হয়েছে। এ দিন দিল্লিতে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র সাংবাদিকদের বলেন, আটকে পড়া মানুষদের ফেরার ব্যবস্থা করতে বিশেষ ট্রেন চালানোর দায়িত্ব রেল মন্ত্রককে দেওয়া হয়েছে। টিকিট বিক্রি, সামাজিক দূরত্ব এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা গাইডলাইন সংশ্লিষ্ট মন্ত্রকই স্থির করবে। স্টেশন, প্ল্যাটফর্ম ও ট্রেনের কামরায় কী ধরনের সুরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হবে তাও স্থির করবে রেল মন্ত্রক। আর আটকে পড়া লোকজনকে ফিরিয়ে আনার বিষয়ে রাজ্য এবং রেলওয়ে বোর্ড প্রয়োজনীয় পদক্ষেপ করবে। যে রাজ্যের স্টেশন থেকে ট্রেন ছাড়বে সংশ্লিষ্ট সেই রাজ্যের সরকার যাত্রীদের খাবার ও জলের বন্দোবস্ত করতে পারে। আর দূরপাল্লার ট্রেনের যাত্রীদের যাত্রাপথে খাবার ও জলের ব্যবস্থা করা হবে রেলের তরফে।
বিভিন্ন রাজ্য থেকে এর আগে কেন্দ্রীয় সরকারকে আটকে পড়া মানুষকে নিজের রাজ্যে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করার অনুরোধ করা হয়। কেন্দ্র বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয়। অবশেষে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।





