করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্ব। ব্যাপক ভাবে আক্রান্ত ভারত। সংক্রমণ রুখতে কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা হয়েছে দেশজোড়া লকডাউন। দ্বিতীয় দফায় চলছে লকডাউন। আর তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করোনা ভাইরাস সংক্রমণের উপরে নজরদারি রাখার জন্য আনা হয়েছে আরোগ্য সেতু অ্যাপ। আর এবার থেকে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য এই অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করল কেন্দ্র। সরকারি কর্মচারীদের ফোনে এই অ্যাপ রাখা আবশ্যক করল সরকার।
এই অ্যাপ সবুজ সংকেত দিলে তবেই কাজে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের। ডিপার্টমেন্ট অফ পারসোনেল অ্যান্ট ট্রেনিং-এর তরফে বুধবার এই নির্দেশিকা জারি করা হয়েছে। শুধু তাই নয়, সেই সঙ্গে জানানো হয়েছে যে সকল সরকারী কর্মচারীরা করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন বা যাঁদের সংক্রমনের ঝুঁকি রয়েছে তাঁদের এই মুহূর্তে অফিসে যাওয়ার কোনও প্রয়োজন নেই। সেই সকল কর্মীদের ইতিমধ্যেই ১৪ দিনের জন্য সেল্ফ আইসলেশনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংক্রমণের ঝুঁকি কম হওয়ার পরে তাঁদের প্রত্যেককে আরোগ্য সেতু অ্যাপে নিজেদের রিভিউ দিতে হবে বলে নির্দেশিকাতে জানানো হয়েছে। অর্থাৎ অ্যাপে ঝুঁকির পরিমাণ নেই বা কম দেখাতে হবে। তারপরে তাঁরা অফিসে যেতে পারবেন। মঙ্গলবারই কেন্দ্রীয় সরকারের নীতি নির্ধারণকারী নীতি আয়োগের অফিসের এক কর্মীর করোনা সংক্রমণ ধরা পড়ায় ৪৮ ঘণ্টার জন্য অফিস সিল করা হয়। তারপরই সব কেন্দ্রীয় সরকারি কর্মচারীর ফোনে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড বাধ্যতামূলক করা হয়েছে।
কোভিড-১৯-এর সংক্রমণের শৃঙ্খলা ভাঙতে এই অ্যাপ খুবই গুরুত্বপূর্ণ বলে সরকারের দাবি। ইতিমধ্যে সব মন্ত্রক প্রধানমন্ত্রীর দফতরে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের বিষয়ে নজরদারি রাখার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে এই অ্যাপ আনা হয়েছিল। যাতে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার প্রাথমিক সমাধান করা যায়। আর এও জানানো হয়েছিল কোনও ব্যক্তি যদি করোনা সংক্রমিত ব্যক্তির কাছাকাছি আসেন তাহলে সেটাও জানান দেবে এই অ্যাপ। তাছাড়াও কারোর সংক্রমণের ঝুঁকি রয়েছে কিনা তাও জানানো হবে এই অ্যাপের মাধ্যমে।





