ভারতীয় সীমানার মধ্যেই গ্রাম বানানোর দুঃসাহস দেখালো চীন। লাদাখে সীমান্ত উত্তেজনার মধ্যেই অরুণাচলের গ্রামে আগ্রাসন দেখানোর অভিযোগে দুষ্ট হল ড্রাগনরা।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী অরুণাচল প্রদেশে ভারতীয় সীমানার মধ্যেই একটি সম্পূর্ণ গ্রাম বানিয়ে ফেলেছে চীনা সেনা।
প্রসঙ্গত উল্লেখ্য, এক সর্বভারতীয় টিভি চ্যানেল দাবি করে জানায়, অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভেতরে প্রায় ৪ কিলোমিটার ভেতরে ঢুকে তুসারি চা নামে একটি নদীর পাড়ে একটি গ্রাম বানিয়ে ফেলেছে চীন। ২০১৯ সালে ওই এলাকায় কোনও ঘরবাড়ি ছিল না। এলাকাটি ছিল জঙ্গলে ঘেরা। একবছর পর সেখানে গড়ে উঠেছে প্রায় শ খানেক বাড়ি।
আর সেই খবরের দাবি মেনে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, চীন-ভারত সীমান্তে নির্মাণকাজ করছে চীন। সংবাদমাধ্যমের তরফে এমন খবর সামনে আসছে। বেশ কয়েক বছর ধরেই এই কাজ করে আসছে লাল ফৌজ। এর পাল্টা সীমান্ত এলাকায় একাধিক সেতু, রাস্তা-সহ অন্যান্য পরিকাঠামো তৈরি করছে ভারতও। অরুণাচলপ্রদেশ-সহ দেশের সীমান্ত এলাকায় মানুষের জনজীবন সহজ করতে পরিকাঠামোগত উন্নতিতে বদ্ধপরিকর কেন্দ্র। দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব বিঘ্নিত করে সীমান্ত এলাকায় এমন সব কাজকর্মের ওপরে নজর রাখছে কেন্দ্র।





