বিশ্বকাপ উন্মাদনা! আর্জেন্টিনা-ফ্রান্সের সমর্থকদের মধ্যে বচসা, মারামারি, ঘটনায় মৃত্যু কিশোরের, রণক্ষেত্র রাজ্য

গতকাল, রবিবার এক দুর্দান্ত ম্যাচের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। বিশ্বকাপ ফুটবলের ফাইনালের টানটান উত্তেজনা কাউকেই যেন নিজের জায়গা ছাড়তে দেয়নি। শেষমেশ কাপ হাতে ওঠে মেসির দলের। নিজের প্রিয় দল জেতার কারণে স্বাভাবিকভাবেই খুব খুশি আর্জেন্টিনার সমর্থকরা। কিন্তু অন্যদিকে, ফ্রান্সের সমর্থকরা বেজায় রুষ্ট। আর এর জেরে দুই দলের সমর্থকের মধ্যে বাকবিতণ্ডার জেরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা।

কে জিতবে, ফ্রান্স না আর্জেন্টিনা, তা নিয়ে প্রথম থেকেই তর্ক চলছিল। তবে আর্জেন্টিনা জেতার পর সেই তর্ক পরিণত হয় ঝামেলা, হাতাহাতিতে। ধাক্কাধাক্কি, মারামারি শুরু করে দুই দলের সমর্থকরা। একে অপরকে মারধর শুরু করে তারা। আর এর জেরে মৃত্যু হয় এক কিশোরের।

ঘটনাটি ঘটেছে কেরলের কান্নুরের। গতকাল, রবিবার সন্ধেয় বিশ্বকাপের ফাইনাল চলাকালীন আর্জেন্টিনা ও ফ্রান্স সমর্থকদের মধ্যে তুমুল ঝামেলা শুরু হয়। পাড়ার কমবয়সিদের মধ্যেই ঝামেলা চলছিল। শেষে মারামারি শুরু হয়ে যায়।

এরপর সমর্থকরা দু’টি দলে ভাগ হয়ে তুমুল ঝামেলা শুরু করে। মারধরের ঘটনায় অনেকে জখম হয়েছেন বলেও জানা গিয়েছে। বছর সতেরোর এক কিশোরের মাথা ফেটে যায় হাতাহাতিতে। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই মৃত্যু হয় ওই কিশোরের।

কোচি ও তিরুঅনন্তপুরমেও এমনই ঘটনা ঘটেছে। আর্জেন্টিনা গতকাল বিশ্বকাপ ফাইনাল জেতার পর এলাকায় ঝামেলা শুরু করে ফ্রান্স সমর্থকরা। একদিকে যখন আর্জেন্টিনা জেতায় সমর্থকদের উল্লাসের জেরে তুমুল বাজির শব্দে এলাকাবাসীরা বেশ অতিষ্ঠ, তখনই আবার দুই দলের সমর্থকদের মধ্যে ঝামেলা হওয়ায় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঝামেলা থামাতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু অভিযোগ, পুলিশের গায়েও হাত তোলা হয়েছে। দু’জন পুলিশ আধিকারিক জখম হয়েছেন বলে খবর। গতকাল রাত থেকেই পুলিশ ধরপাকড় শুরু করেছে। বেশ কয়েকজন ফুটবল সমর্থকদের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

RELATED Articles