ঝগড়া লেগেছিল দুই পোষ্য কুকুরের মধ্যে। কিন্তু সেই ঝগড়া ছড়িয়ে পড়ল কুকুরদের মালিকদের মধ্যেও। বিবাদ চরমে পৌঁছলে এক কুকুরের মালিক গুলি চালাতে শুরু করেন। এর জেরে গুলি লেগে মৃত্যু হয় ২ জনের। আরও ছয়জন গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। অভিযুক্তকে আটক করা হয়েছে।
কী ঘটে ঘটনাটি?
পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত রাজপাল রাজাওয়াত নিজের পোষ্য কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় প্রতিবেশীদের পোষ্য কুকুরদের সঙ্গে ঝগড়া শুরু হয় রাজপালের কুকুরের। সেই ঝগড়ার মাঝেই বিবাদ বেঁধে যায় দুই পোষ্য কুকুরের মালিকের মধ্যেও। বেশ কয়েকজন জড়ো হয়ে যান ঘটনাস্থলে।
ধীরে ধীরে তুঙ্গে ওঠে দুই কুকুরের মালিকের মধ্যেকার ঝামেলা। এরপরই আচমকা নিজের ঘর থেকে বন্দুক নিয়ে এসে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে রাজপাল। এই ঘটনায় গুলি লেগে দুই যুবকের মৃত্যু হয় ঘটনাস্থলেই। আরও ছ’জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, অভিযুক্ত রাজপাল নিরাপত্তারক্ষীর কাজ করেন। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। তার বন্দুকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। গুলি চালানোর এই ভিডিও আবার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় পুলিশের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অমরেন্দ্র সিং জানিয়েছেন, মৃতদের নাম বিমল ভার্মা ও রাহুল ভার্মা। ঘটনাস্থলে গুলি লেগে আহত হয়েছেন আরও ছয়জন। আপাতত স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। এই গোটা ঘটনার তদন্ত চলছে বলেই জানিয়েছে স্থানীয় পুলিশ।





