ভুল বলছে রেল, আগেই ট্রেন চালাবার অনুমতি দিয়েছিল রাজ্য, টুইট আলাপনের

শনিবার রাতে রেলমন্ত্রক টুইট করে জানায়, ভিনরাজ্য থেকে ট্রেন ঢুকতে ছাড় দিয়েছে পশ্চিমবঙ্গ। রেলমন্ত্রক থেকে টুইট করে জানানো হয়, শনিবার বিকালে রাজ্য পাঞ্জাব থেকে দুটি, তামিলনাড়ু থেকে দুটি, কর্ণাটক থেকে তিনটি ও তেলেঙ্গানা থেকে একটি ট্রেন রাজ্যে প্রবেশ করার অনুমতি দিয়েছে। তাই সেই ট্রেনগুলির ব্যবস্থা করা হচ্ছে।

কিন্তু এই টুইট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। রাজ্য অনেকক্ষণ আগেই ঘোষণা করে দিয়েছিল আটটি ট্রেন ঢোকার কথা সেখানে রেলমন্ত্রক এত পরে টুইট কেন করছে সেই নিয়ে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন। রেলওয়ে টুইট করার পর ফের পালটা টুইট করেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় তার সরকারি হ্যান্ডেল থেকে। অমিত শাহ বলার পর রাজ্য অনুরোধ পাঠিয়েছে, সেই দাবি খণ্ডন করেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আট তারিখই অনুমতি মিলেছিল, তাই রেলের দাবি অসত্য। 

শনিবার বিকেলে নবান্নে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ৮টি নয়, ভিনরাজ্য থেকে শ্রমিকদের নিয়ে ফিরছে ১০টি ট্রেন। সঙ্গে আশেপাশের রাজ্যগুলি থেকে ১,০০০ বাসে করে ফিরছেন শ্রমিকরা। যদিও রেলমন্ত্রক তখন বলে, পশ্চিমবঙ্গের কাছ থেকে শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালানোর জন্য কোনও আবেদন পায়নি তারা।

প্রয়োজন সত্ত্বেও মহারাষ্ট্র থেকে কোনও ট্রেন আসার অনুমতি রাজ্য দেয়নি বলেও জানায় ভারতীয় রেল।প্রসঙ্গত করোনায় আক্রান্ত ও মৃত, উভয় তালিকাতেই দেশের শীর্ষে মহারাষ্ট্র। 

এদিন আলাপনবাবু বলেন, কেরল, তামিলনাড়ু, কর্নাটক, তেলেঙ্গানা, পঞ্জাব থেকে পশ্চিমবঙ্গের শ্রমিকদের ফেরানো হবে। রবিবার একটি ট্রেন তেলেঙ্গানা থেকে মালদা পৌঁছবে। এছাড়া উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের তীর্থস্থানগুলি থেকে তীর্থযাত্রীদের ফেরানো হবে বলে জানিয়েছেন তিনি। সঙ্গে স্বরাষ্ট্রসচিব জানান, প্রায় ২০,০০০ মানুষ গাড়ি ও অন্যান্য পদ্ধতিতে পশ্চিমবঙ্গে ফিরেছেন।

https://twitter.com/RailMinIndia/status/1259140476164243457?s=20

প্রবাসী শ্রমিকদের ফেরানো হবে বলে শুক্রবার তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানো হয়। জানানো হয় শনিবার বেঙ্গালুরু ও হায়দরাবাদ থেকে প্রবাসী শ্রমিকদের নিয়ে ছাড়বে ৪টি ট্রেন। যদিও শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনও ট্রেন ছাড়েনি বলে টুইটে জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। রেলও জানিয়ে দিয়েছে যে শনিবার কোনও ট্রেন ছাড়েনি। 

তৃণমূল সরকার রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফিরতে দিচ্ছে না ও এটা তাদের সঙ্গে অন্যায্য করা হচ্ছে বলে শনিবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন অমিত শাহ। এই অভিযোগ খণ্ডন করে তৃণমূল জানায় স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠির আগেই রাজ্য রেলকে আরও দশটি ট্রেন আনার অনুমতি দিয়েছে। প্রসঙ্গত এখনও পর্যন্ত মাত্র দুটি বিশেষ ট্রেন এসেছে রাজ্যে। 

https://twitter.com/RailMinIndia/status/1259140617071976448?s=20

এখনও পর্যন্ত ৭৩টি ট্রেন আসার অনুমতি দিয়েছে বিহার, ৮৮টি ট্রেন এসে গিয়েছে উত্তরপ্রদেশে, এমনকি ঝাড়খণ্ড ও ওড়িশা দশের অধিক ট্রেন আসার অনুমতি দিয়েছে। ২০১১ সেনসাস অনুযায়ী, দেশের মধ্যে বাংলা থেকে বাইরে রুটি রোজগারের খোঁজে দশ বছরে বাইরে গিয়েছেন ৫.৮৫ লক্ষ মানুষ, যা দেশের মধ্যে চতুর্থ সর্বোচ্চ।

সবমিলিয়ে শ্রমিক ফিরিয়ে আনার ট্রেন নিয়ে যে চাপানউতোর চলছে রাজ্য ও কেন্দ্রের মধ্যে, তার জেরে মাঝখান থেকে প্রাণ যাচ্ছে নিরীহ শ্রমিকদেরই।

RELATED Articles

Leave a Comment