আচমকাই এক ধাক্কায় অনেকটা দাম বাড়ল গ্যাস সিলিন্ডারের। সিলিন্ডার প্রতি ২৬৬ টাকা দাম বেড়েছে। আজ, সোমবার থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে বলে জানা গিয়েছে। তবে এই দাম বেড়েছে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের জন্য। বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে। ২৬৬ টাকা দাম বাড়ার জেরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়াল ২০০০.৫০ টাকায়, যা এতদিন ছিল ১৭৩৪ টাকা।
এই দাম বাড়ার পর মুম্বইতে ১৯ কেজির বাণিজ্য়িক সিলিন্ডারের দাম বেড়ে হল ১৯৫০ টাকা। অন্যদিকে, কলকাতায় এই নতুন দাম দাঁড়াল ২০৭৩ টাকা ও চেন্নাইতে দাম হল ২১৩৩ টাকা। গ্যাসের এমন দাম বাড়ার জেরে হোটেল ও রেস্তোরাঁর ক্ষেত্রে প্রভাব পড়বে স্বাভাবিকভাবেই।
এর আগে রান্নার গ্যাসের দাম বেড়েছিল গত ৬ই অক্টোবর । মহালয়ার দিনেই বেড়েছিল এই দাম। গত তিন মাসে এই নিয়ে চতুর্থবার দাম বাড়ল গ্যাসের। সিলিন্ডার প্রতি ১৫ টাকা করে দাম বাড়ানো হয়েছিল। ভর্তুকিযুক্ত এবং ভর্তুকি বিহীন উভয় ক্ষেত্রেই দাম বাড়ানো হয়।
ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বেড়েছিল সিলিন্ডার প্রতি ১৫ টাকা করে। এর জেরে দাম বেড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম হয়েছিল ৫০২ টাকা। দিল্লিতে ভর্তুকিযুক্ত এবং ভর্তুকি বিহীন উভয় গ্যাসের দাম হয়ে দাঁড়ায় ৮৯৯ টাকা ৫০ পয়সা। সব মিলিয়ে গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার প্রতি ২০৫ টাকা।





