দেশীয় প্রতিষেধকে আস্থা! আগামী জুন- জুলাইয়ের মধ্যে ৩০ কোটি দেশবাসীকে টিকা, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী’র

দেশে করোনার প্রতিষেধকের দেখা মিলতে পারে আগামী জুন-জুলাইয়ে। শনিবার এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

গতকাল ছিল ২২তম মন্ত্রিগোষ্ঠীর বৈঠক। সেখানেই করোনা টিকাকরণ নিয়ে কেন্দ্রের পরিকল্পনার কথা জানান তিনি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের বিজ্ঞানী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা জিনোম সিকোয়েন্সিং এবং করোনাভাইরাসকে বিচ্ছিন্ন করে টিকা তৈরির কাজ করেছেন। আগামী ছয় থেকে সাত মাসে আমরা ৩০ কোটি লোককে টিকা দিতে পারব।”

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নিজের বক্তব্যে বলেন, “দেশে এক কোটির কিছু বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে সেরে উঠেছেন প্রায় সাড়ে ৯৫ লক্ষ মানুষ। সুস্থতার হারে বিশ্বের দেশগুলির মধ্যে ভারত অন্যতম। আমাদের সুস্থতার হার ৯৫. ৪৬ শতাংশ।” অর্থাৎ করোনা মোকাবিলায় সফলতার সঙ্গে উতরে গেছে ভারত।

টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটার পর করোনা  মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তিনি যোগ করেন “আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে প্রধানমন্ত্রীকে যিনি করোনা ভাইরাসের মতো অতিমারীর ক্ষেত্রে গত এক বছর ধরে অনুকরণীয় নেতৃত্ব দিয়েছেন। সব দিকে লক্ষ্য রেখেছেন। খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করেছেন। এমনকি যখন আমরা টিকা তৈরির পর্যায়ে রয়েছি, তখনও তিনি নিজে দেশের সব গবেষণাগার ঘুরে দেখেছেন।”

হর্ষবর্ধন জানিয়েছেন, দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি পেরোলেও, অক্টোবর-নভেম্বরে উৎসবের মরশুম পেরিয়ে এলেও নতুন করে দেশজুড়ে সংক্রমণের ঢেউ আসেনি। উৎসবের মরশুম পার হওয়ার সাফল্য তুলে ধরলেও কেন্দ্রীয় মন্ত্রী ফের আবেদন করেছেন, মানুষ যেন করোনাবিধি মেনে চলেন। দ্রুত টিকাদান অভিযানের প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন তিনি।

আরও অন্যান্য খবর