করোনার টিকা COVAXIN এর হিউম্যান ট্রায়াল শুরু আজ থেকে, পরীক্ষা সফল হলে বাজারে শীঘ্র মিলবে

পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আজ থেকে শুরু হচ্ছে করোনা প্রতিষেধক COVAXIN-এর হিউম্যান ট্রায়াল।হায়দ্রাবাদের ওষুধ নির্মাণকারী সংস্থা ভারত বায়োটেক করোনা প্রতিষেধক এনেছে। আজ AIIMS-এ শুরু হচ্ছে COVAXIN-এর হিউম্যান ট্রায়াল। সূত্রের খবর প্রথম পর্যায়ে ৩৭৫ জন স্বেচ্ছাসেবকের উপর এই Covaxin প্রয়োগ করা হবে যাদের বয়সসীমা ১৮ থেকে ৫৫ এর মধ্যে। সম্পূর্ণভাবে সুস্থ ব্যক্তিদের উপরেই এই প্রতিষেধক প্রয়োগ করা হবে। প্রতিষেধকের প্রথম ডোজ দেওয়ার পর স্বেচ্ছাসেবকদের ২-৩ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। স্বেচ্ছাসেবকদের Covaxin-এর তিনটি ডোজ দেওয়া হবে। তার পর তাদের পর্যবেক্ষণে রেখে পরীক্ষার ফল জানা যাবে।

জানা গিয়েছে যে, দু’টি পর্যায়ে মোট ১,১০০ জন স্বেচ্ছাসেবকের উপর এই Covaxin প্রতিষেধকটি পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে। এই ট্রায়ালের জন্য পাটনার AIIMS ছাড়াও হায়দরাবাদের নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস, দিল্লি AIIMS সহ ১২টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ’ (ICMR)।

করোনায় সংক্রামিতের সংখ্যা যেভাবে দিনদিন বেড়েই চলেছে তাতে ভারতের বিভিন্ন রাজ্যের গবেষকরা উঠে পড়ে লেগেছেন ওষুধ তৈরির কাজে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (DCGI) থেকে অনুমতি পাওয়ার পর প্রথম ভারতীয় সংস্থা হায়দ্রাবাদের ভারত বায়োটেক করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল শুরু করল। উল্লেখ্য, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ’ (ICMR) এবং ন্যাশনাল ভায়রোলজি ইনস্টিটিউট (NIV)-এর গবেষকরা যৌথ ভাবে তৈরি করেছেন ভারতের প্রথম করোনা টিকা COVAXIN।

RELATED Articles

Leave a Comment