দেশে ভয়াবহ আকার নিয়েছে করোনা ভাইরাস। এই অবস্থায় করোনা চিকিৎসার জন্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-র তৈরি ওষুধে ছাড়পত্র দিল ‘দ্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া’।
ডিআরডিও এবং হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ডক্টর রেড্ডিজ যৌথভাবে এই ওষুধ তৈরি করেছে। যার নাম দেওয়া হয়েছে ‘২-ডিঅক্সি-ডি-গ্লুকোজ’ (২-ডিজি)। ডিসিজিআই-এর তরফে ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল চলেছে গত বছর মে থেকে অক্টোবর পর্যন্ত। ৩ ধাপে দেশের মোট ১১টি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা চলেছে। জানা গিয়েছে, পাউডার হিসেবে পাওয়া যাবে ওষুধটি। খেতে হবে জলে গুলে।
জেনে নিন এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে-
জানা গেছে করোনা আক্রান্ত হয়ে যে রোগীরা হাসপাতালে ভর্তি তাঁদের সুস্থ করে তুলতে এই ওষুধ কার্যকরী । জানানো হয়েছে এই ওষুধ ব্যবহার করলে আক্রান্তদের অক্সিজেনের দরকার পড়বে না বলেই জানানো হয়েছে। তবে ৬৫ বছরের বেশি বয়সি রোগীদের ক্ষেত্রে এই ওষুধ বেশি কাজ করবে বলে জানানো হয়েছে।
এই বিষয়ে ডিআরডিও-র বিজ্ঞানী অনন্ত নারায়ণ ভট্ট’র কথায়, কোভিডের একাধিক প্রজাতির বিরুদ্ধে কার্যকর এই ওষুধ। ভাইরাসের প্রভাব শরীরের যে কোষগুলির উপর পড়েছে সেই কোষগুলির মধ্যে প্রবেশ করে ভাইরাসের বৃদ্ধি প্রতিহত করে এই ওষুধ। ফলে তা অন্য কোষে ছড়িয়ে পড়তে পারে না। এ ভাবেই এই ওষুধ ভাইরাসকে কাবু করতে সক্ষম হয় বলেই জানিয়েছেন তিনি। ভারতে এই ওষুধ প্রচুর পরিমাণে তৈরি করার বন্দোবস্ত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।





