একদিকে শুভেন্দু, অন্যদিকে মুকুল! কে হবেন বিরোধী দলনেতা, সংশয়ে গেরুয়া শিবির

কে হতে চলেছেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা? শুভেন্দু অধিকারী নাকি মুকুল রায়? এক সপ্তাহ কেটে গিয়েছে নির্বাচনের ফলাফল ঘোষণার, কিন্তু এখনও এই প্রশ্ন অধরাই থেকে গিয়েছে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে এখনও কোনও নাম নির্দিষ্ট করা হয়নি। তাই এবার বিরোধী দলনেতা বেছে নিতে বিজেপির পক্ষ থেকে পর্যবেক্ষক নিয়োগ করা হল।

এই বিষয়ে গতকাল, শনিবার, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে একটি বৈঠক বসে। রাজ্যে বিরোধী দলনেতা বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ভূপেন্দ্র যাদব ও রবিশঙ্কর প্রসাদকে।

আরও পড়ুন- ‘অনেক করেছেন, এবার আমাদেরটা আমাদেরই বুঝে নিতে দিন’, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ দিলীপের      

কিছুদিন আগে এমন একটি রব ওঠে যাতে বলা হয়, বিরোধী দলনেতা হবেন শুভেন্দু অধিকারী। তিনি দীর্ঘদিন এই রাজ্যের মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন। বহু বছরের বিধায়ক। সেদিক মাথায় রেখেই শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসাবে মনে করছিল পদ্মশিবির। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে হারিয়েছেন। সেক্ষেত্রে তাঁর নামই বিরোধী দলনেতা হিসাবে এগিয়ে ছিল।

কিন্তু আবার এক্ষেত্রে পাল্লা ভারি রয়েছে আরও এক জনেরও। তুলনামূলকভাবে দলের আদি সদস্য মুকুল রায়ের নামও বিরোধী দলনেতা হিসাবে উঠে আসছে। তিনি কৃষ্ণনগর উত্তর আসন থেকে জিতেছেন। বিরোধী দলনেতা হিসেবে এই দু’জনের নামই বারবার উঠে এসেছে।

 আরও পড়ুন- মুকুল থাকছেন বিজেপিতেই! ‘খবর ২৪x৭’-এর খববের সত্যতা প্রমাণিত

বিজেপির নিয়ম অনুযায়ী, দিল্লিতে পার্লামেন্ট বোর্ড বসবে, সেখানেই বিরোধী দলনেতার নাম চূড়ান্ত করা হয়। পর্যবেক্ষক হিসেবে যারা রাজ্যে আসছেন, তারা বিধায়কদের সঙ্গে বৈঠক করে নামের প্রস্তাব রাখবেন। এরপর বাকিদের সম্মতি নেওয়া হবে। তারপরই নাম ঘোষণা হবে। আশা করা যাচ্ছে, সোমবারের মধ্যেই বিরোধী দলনেতার নাম জানা যাবে। তবে বিজেপি সূত্রে এও খবর রয়েছে যে, এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর নামই এগিয়ে রয়েছে।

RELATED Articles