করোনার ভয়ে গৃহবন্দি এখন সমগ্র পৃথিবীর মানুষ। সংক্রমন যেন কমবার নামই নিচ্ছে না। পাশাপাশি তালমিলিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। তাই এই ভয়াভহ পরিস্থিতিতে সাধারণ মানুষেরা অধীর আগ্রহে এখন করোনার ওষুধের অপেক্ষা করছেন।
করোনা প্রতিরোধের জন্য সবাই অপেক্ষা করছেন দেশ-বিদেশের গবেষণার কাজে যুক্ত বিশেষজ্ঞ ও চিকিৎসকদের দিকে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) স্পষ্ট জানিয়ে দিল, এক বছরের আগে করোনার টিকা আবিষ্কারের কোনো পথ নেই। তাই মানুষ যেন এখনই ভালো কিছুর প্রত্যাশা না করে।
মঙ্গলবার জেনিভায় হু-র মুখপাত্র ডঃ মার্গারেট হ্যারিস সাংবাদিকদের বলেন, ‘১২ মাস বা তারও বেশি সময় লাগতে পারে করোনার টিকা আবিষ্কারে। তার আগে সেই আশা না রাখাই ভালো।’
তবে মঙ্গলবার আশার কথাও শুনিয়েছে হু। ইতালি ও স্পেনের মতো ইউরোপের বেশ কয়েকটি দেশে এবার করোনা হার কিছুটা হলেও কমেছে। তবে ব্রিটেন ও তুরস্কের মতো দেশে এখনও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। জেনিভায় হু-র মুখপাত্র বলেছেন, ‘গোটা বিশ্বে মোট যা সংক্রমন হয়েছে তার ৯০ শতাংশই ইউরোপ ও আমেরিকার।’ পাশাপাশি লকডাউনে কোনও ছাড় দেওয়ার আগে ছটি পদক্ষেপ মেনে চলার ব্যাপারে সব দেশকে একটি নির্দেশিকা জারি করা হবে বলেও হু-র তরফে জানানো হয়েছে।





