লাল-হলুদে নাম প্রায় চূড়ান্ত বিক্রমজিৎ সিংহের। ২০১৪-’১৫ মরসুমের আই লিগ জয়ী মোহনবাগান দলের সদস্য ছিলেন এই মিডফিল্ডার। তার পরেও সবুজ-মেরুন জার্সিতে খেলেছেন বিক্রমজিৎ।
জিকোর গোয়া, চেন্নাইয়িন, দিল্লি ডায়নামোজ, ওডিশার মতো ক্লাবের হয়ে আইএসএল খেলার পরে এ বার লাল-হলুদ জার্সি উঠতে চলেছে তাঁর পিঠে। ক্লাব সূত্রের খবর, বিক্রমজিৎ-এর সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের।
একসময় মোহনবাগানের মাঝমাঠ সামলাতেন বিক্রমজিৎ। খুব কড়া ট্যাকল করতে পারেন। কিন্তু তাঁর সম্পর্কে বিশেষজ্ঞরা বলেন, টাফ খেললেও রাফ ফুটবল খেলেন না বিক্রমজিৎ। প্রচণ্ড সাহসী।
পাঁচ বছর আগে বেঙ্গালুরুর ঘরের মাঠে গিয়ে ড্র করায় সে বার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। হোম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে গোলও ছিল তাঁর। উঠে-নেমে খেলতে দক্ষ এই ফুটবলার। মাঝমাঠে কর্তৃত্ব নিয়ে খেলার মতো ফুটবলার খুঁজছে ইস্টবেঙ্গল। সেই কারণেই এই পাঞ্জাব তনয়কে নিতে চলেছে লাল-হলুদ শিবির।
করোনার জন্য দেশে আই লিগ আপাতত স্থগিত হয়ে গিয়েছে। এইবারের আই লিগ নিয়ে সিদ্ধান্ত কিছু দিনের মধ্যেই নেবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ইস্টবেঙ্গল অবশ্য এই সময়ে বসে নেই।
দল গঠনের কাজ পুরোদমে শুরু করে দিয়েছেন লাল-হলুদ কর্তারা।





