এ বছরে ডিসেম্বরের মধ্যেই দেশে চলে আসবে করোনা টিকা, জানাল সিরাম ইনস্টিটিউট

বিশ্বের অন্যতম বৃহৎ ভ্যাকসিন নির্মাণকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা জানান, এ বছরের শেষেই দেশে আসতে চলেছে করোনার টিকা। ডিসেম্বরের মধ্যেই করোনা টিকা উৎপাদন শুরু করবেন তাঁরা।

ভারতে যেভাবে করোনার হানা দিন দিন বেড়েই চলেছে তেমনই করোনা প্রতিষেধকের প্রয়োজনীয়তাও দিন দিন বেড়েই চলেছে। এ মতো অবস্থায় সিরাম ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে, আগামী ২ সপ্তাহের মধ্যে আইসিএমআর-এর সঙ্গে মিলে করোনা টিকার ট্রায়াল শুরু করা হবে। এবং এ মাসের শেষেই শুরু হবে টিকা উৎপাদনের কাজ। অক্সফোর্ডের তৈরি করোনা প্রতিষেধকের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালের জন্য অনুমতি পেয়েছে এই সংস্থা।

সম্প্রতি সিরাম ইনস্টিটিউট তরফে জানানো হয়েছে, গাভি, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স ও বিল গেটসের সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ইনস্টিটিউটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ভারত সহ, মধ্য ও স্বল্প আয়ের দেশগুলিতে মোট ১০ কোটি করোনা প্রতিষেধক তৈরি করে পাঠাবে এই সংস্থা। অন্যদিকে এখনও অবধি এই টিকার দাম নিশ্চিত না হলেও আদার পুনাওয়ালা জানিয়েছেন, ‘টিকার দাম ৩ ডলার রাখা হবে। তবে লাইসেন্স পেয়ে গেলে হয়তো দাম আর একটু বাড়বে, তবে আগামী ২ মাসের মধ্যেই টিকার চূড়ান্ত দাম জানিয়ে দেওয়া হবে।’

অন্যদিকে করোনা টিকা যাতে সবার হাতে হাতে পৌঁছায় সেই উদ্দেশ্যে গাভিকে ১৫০ মিলিয়ন ডলার সাহায্য করতে চলেছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ইনস্টিটিউট এবং সেই অর্থ সিরামকেও পাঠানো হবে টিকা উৎপাদনের খরচ হিসেবে। আপাতত ডিসেম্বরের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।

RELATED Articles

Leave a Comment