নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সংঘর্ষের জেরে এখনও অশান্তির পরিস্থিতি জারি দিল্লিতে। জ্বলছে দোকান, বাড়ি, আহত প্রায় ২০০ জন মানুষ। উত্তর-পূর্ব দিল্লির একাধিক এলাকায় জারি কারফিউ। তার মধ্যেই মঙ্গলবার দিনভর তাণ্ডব চলল রাজধানীতে। মঙ্গলবার সন্ধ্যায় নতুন করে ফের সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়েছে চাঁদ বাগ, ভজনপুরা এলাকায়। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। তবে অবস্থা এখনো পুরোপুরি আয়ত্তে আসেনি। এমতাবস্তায় দাঁড়িয়ে খোঁদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বরিষ্ঠ পুলিশকর্তাদের সারাক্ষণ কন্ট্রোল রুমে থাকার নির্দেশ দিয়েছেন। পুলিশ কমিশনার অনীল বাইজলকে তিনি স্পষ্টই জানিয়েছেন, কোনভাবেই যাতে মানুষ গুজব ছড়াতে না পারে সে বিষয়ে নজর রাখতে হবে। কোন গুজবের খবর আসলে দ্রুত সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সকল রাজনৈতিক দলকে স্পষ্ট জানানো হয়েছে যে এই ধরনের গুজব ছড়ানো বন্ধ করে পুলিশকে সাহায্য করতে। জনগণ ও সংবাদ মাধ্যমের কাছেও সেই একই অনুরোধ করা হয়েছে মন্ত্রকের তরফে।

এ বিষয়ে মুম্বাইয়ের স্পেশাল পুলিশ কমিশনার সতিশ গোলচাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, গন্ডগোল পাকানোর চেষ্টা করলেই সঙ্গে সঙ্গে উপদ্রবকারীদের পাকড়াও করছি আমরা। অবস্থা আয়ত্তে না আসা পর্যন্ত আমরা এখানে রয়েছি। তারপরও পরিস্থিতি আয়ত্তে না এলে আরও পুলিশ বাহিনী নামানো হবে।






