বাতাসেই বিষ! বিশ্বের দূষিত শহরের তালিকায় নাম জুড়ল কলকাতার, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা

বাতাস বিষিয়ে উঠেছে। শ্বাসপ্রশ্বাস চালানোই যেন এখন বড় চ্যালেঞ্জ। বিগত তিনদিন ধরে দিল্লিতে বাতাসের গুণমান ‘অত্যন্ত ভয়ঙ্কর’ মাত্রা ছুঁয়েছে। রাজধানীর বাতাস যেন বিষাক্ত। পিছিয়ে নেই কলকাতা ও মুম্বইয়ের মতো বাণিজ্যনগরীগুলিও।

দিনদিন যে হারে বাতাসের দূষণের মাত্রা বেড়ে চলেছে, তাতে খুব শীঘ্রই ভয়ঙ্কর এক পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে বলে সূত্রের খবর। আজ, রবিবার বিশ্বের সবথেকে দূষিত শহরগুলির তালিকার শীর্ষে রয়েছে রাজধানী দিল্লির নাম। এই তালিকায় দিল্লিকে পাল্লা দিচ্ছে কলকাতা ও মুম্বইও।

সুইস গ্রুপ আইকিউএয়ার (IQAir)-র তরফে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, আজ, ৫ নভেম্বর বিশ্বের সবথেকে দূষিত শহর হল দিল্লি। রাজধানীর বাতাসের গুণমান বা একিউআই হল ৪৮৩। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানের লাহোর। সেখানকার বাতাসের গুণমান ৩৭১।

পিছিয়ে নেই তিলোত্তমাও। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে কলকাতার নাম। কলকাতার বাতাসের গুণমান ২০৬। চতুর্থ স্থানে রয়েছে ঢাকা, পঞ্চম স্থানে করাচি। এই তালিকায় মুম্বই রয়েছে ষষ্ঠ স্থানে। সেখানে বাতাসের গুণমান ১৬২। তালিকায় এরপরে রয়েছে চীনের কয়েকটি শহর ও কুয়েত সিটি।

প্রত্যেক বছর শীত পড়ার ঠিক আগে থেকেই দিল্লির বাতাস বিষিয়ে ওঠে। পার্শ্ববর্তী রাজ্য উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাবের কৃষিজমিতে খড়কুটো পোড়ানোর কারণেই মূলত দূষিত হয় দিল্লির বাতাস। তাছাড়া গাড়ির দূষণ তো রয়েছেই। কম তাপমাত্রা ও বাতাসে গতির জেরে দূষণ দ্রুতহারে বাড়তে থাকে।

দূষণ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নানান রোগও। প্রতি বছরের মতো এ বছরও দিল্লিতে ব্যাপক বায়ুদূষণের কারণে বাড়ির বাইরে বের হলেই শুরু হচ্ছে চোখ-নাক-গলা জ্বালা, শ্বাসকষ্ট, হাঁপানির মতো সমস্যা। এমনটাই অভিযোগ করেছেন বাসিন্দারা। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যাতে সকলে মাস্ক পড়ে থাকেন শিশু ও বয়স্কদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।

RELATED Articles