দলীয় কর্মীর স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এক সিপিএম নেতার বিরুদ্ধে। এই বিষয়টি নিয়ে শহরের ওয়ার্ডে পোস্টার সাঁটানো হয়েছে। প্রিন্ট করা সেই পোস্টারে শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, এই বিষয়টি ধামাচাপা দেওয়া চেষ্টা করা হয় সিপিএমের জেলা কমিটির তরফে।
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরে। অভিযুক্ত সিপিএম নেতা জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য বলে জানা গিয়েছে। জলপাইগুড়ি শহরের ১০ নম্বর ওয়ার্ডে এই অভিযোগের পোস্টার চোখে পড়েছে। মহিলা সুরক্ষা কমিটির নামে এই পোস্টার সাঁটানো হয়েছে। তবে এই পোস্টারে কারোর নাম উল্লেখ। কে বা কারা এই পোস্টার সাঁটিয়েছে, তাও উল্লেখ নেই এই পোস্টারে।
কী লেখা রয়েছে ওই পোস্টারে?
ওই পোস্টারে লেখা, “সি.পি.আই. (এম) জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য xx দ্বারা এক পার্টি কর্মীর স্ত্রীর শ্লীলতাহানির ঘটনাকে জলপাইগুড়ি জেলা কমিটির দ্বারা ধামাচাপা দেওয়ার চেষ্টাকে জানাই ধিক্কার। এই জঘন্য অপরাধের জন্য xxকে কঠোর শাস্তি দেওয়া হোক। – মহিলা সুরক্ষা কমিটি”।
যে সিপিএম নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, সেই অভিযুক্ত নেতার সঙ্গে যোগাযোগ করা হয় এক সংবাদমাধ্যমের তরফে। তবে তিনি জানান যে পরিজনের চিকিৎসার জন্য তিনি শহরের বাইরে রয়েছেন এই মুহূর্তে। তিনি এই বিষয়ে কিছু জানেন না জানিয়েছেন ওই সিপিএম নেতা।
অন্যদিকে, সিপিএম জেলা সম্পাদক মণ্ডলীর এক সদস্য এই বিষয়ে কিছু মন্তব্য করতে রাজি হন নি। এক স্থানীয় সিপিএম নেতা এই বিষয়ে বলেন, “ঘটনার বিষয়ে বলতে পারব না। ওকে যতটা চিনি, ও এই ধরনের ছেলে নয়। ও এই ধরনের কাজ করেছে বলে আমার বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে, ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে”।





