‘আগামীদিনে নোবেল পুরস্কারের দিকেই এগিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়’, পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানে দাবী তৃণমূল শিক্ষক নেতা

‘নোবেল পুরস্কারের দিকেই এগিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়’। এক বিজয়া সম্মিলনী ও কৃতিদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই দাবী ক্রলেম পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি প্রীতম হালদার। তাঁর এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই রাজ্য-রাজনীতিতে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। পড়ুয়াদের সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে রাজনীতির কথা বলায় এই নিয়ে বিতর্কও তৈরি হয়েছে ঢের।

গতকাল, শনিবার ঝাড়গ্রাম শহরের কুমোদ কুমারী স্কুলে তৃণমূলের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। সেই বিজয়া সম্মিলনীর মধ্য দিয়ে তৃণমূলের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে জেলার কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনাজ্ঞাপনও করা হয়। এদিনের এই অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি প্রীতম কুমার হালদার।

কী বললেন তিনি?

এদিন মঞ্চে উঠে বক্তব্য রাখার সময় ওই শিক্ষক নেতা বলেন, “কন্যাশ্রী প্রকল্প শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীজুড়েই একটি গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি আপনাদের বলছি, আমার যেটা মনে হয়, আগামীদিনে কন্যাশ্রীর হাত ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় নোবেল পুরস্কারের দিকে এগিয়ে যাচ্ছেন”।

তাঁর এহেন মন্তব্যের পরই শুরু হয় নানান কানাঘুষো। তবে নিজের মন্তব্যের প্রেক্ষিতে ব্যাখ্যা দিয়ে শিক্ষক নেতা বলেন, “মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী একটি যুগান্তকারী প্রকল্প, যা নিয়ে সারা পৃথিবীজুড়ে গবেষণা হয়। এই ধরনের প্রকল্পগুলি বিশ্বের দরবারে বেশি সমাদৃত হয়। সুতরাং আমরা এটা বলতেই পারি, আগামীদিনে আমাদের নেত্রী এমন বিরল সম্মান পাবেন। এটা আমরা আশা করতে পারি”।

প্রসঙ্গত, এটাই প্রথমবার নয়। এর আগেও এক তৃণমূল নেতা দাবী করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নোবেল পুরস্কার পাবেন। উশগ্রামের ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ ঘোষও বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলায় উন্নয়নের জোয়ার এসেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির মসনদে বসবেন। দেশ শাসন করবেন। তিনি নোবেল পুরস্কারও পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলি সারা বিশ্বে সমাদৃত হয়েছে। বিশ্বের কোনও জননেতা বা জননেত্রীকে ইতিপূর্বে এত প্রকল্পের কথা ভাবতে দেখা যায়নি। বর্তমান পরিস্থিতিতে শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বে দৃষ্টান্ত তৈরি করেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য”।

RELATED Articles