“২০ লক্ষ কোটি টাকা তো ঘোষণা করে দিলেন, এই টাকা আসবে কোথা থেকে? ধার করে না নোট ছাপানো হবে?” তীব্র কটাক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন। ভারতকে আত্মনির্ভর করে গড়ে তুলতে যে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, তাকেই কটাক্ষ করেছেন ডেরেক।
মঙ্গলবার রাত ৮টায় টিভির পর্দায় নজর রেখেছিল গোটা দেশ। সকলেই মনে করেছিলেন, লকডাউনের মেয়াদ নিয়েই কিছু বলতে পারেন প্রধানমন্ত্রী। কিন্তু আশ্চর্যজনক ভাবে দেশকে কীভাবে আত্মনির্ভর করে গড়ে তোলা সম্ভব, সে ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী আর সেক্ষেত্রে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজও ঘোষণা করেছেন।
এখানেই বেশ কিছু প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কারণ প্রধানমন্ত্রী আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন, কোন খাতে কীভাবে তা বরাদ্দ করা হবে, তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি। এপ্রসঙ্গে ডেরেক ও’ব্রায়েন বলেন, “আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন ভালো কথা, কিন্তু টাকাটা আসবে কোথা থেকে? নতুন করে টাকা ছাপানো হবে, নাকি ধার করে আসবে? পুরনো প্রকল্পগুলি রি-প্যাকেজিং করে নাকি কর ছাড় দিয়ে আসবে?”
“প্রধানমন্ত্রী ভাষণে পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে কিছু ছিল না। ক্রীতদাসে পরিণত হচ্ছেন। পিএম কেয়ার ফান্ড, রাজ্যগুলির পাওনা টাকা নিয়েও কোনও কথা হয়নি। বিস্তারিত বিবরণ কোথায়?” প্রশ্ন তোলেন ডেরেক ও’ব্রায়েন।
যদিও লকডাউন নিয়ে কিছু বলেননি মোদী। তবে ইঙ্গিত দিয়েছেন, করোনা মোকাবিলায় আরও একধাপ বাড়তে পারে লকডাউন, তবে ছাড় দেওয়া হবে বেশ কিছু ক্ষেত্রে। আজ বিকাল চারটা নাগাদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই প্যাকেজ নিয়ে বিশদে ঘোষণা করবেন বলে জানা গিয়েছে।





